দিনটি ছিল ১৯৭১ সালের ১ আগস্ট। বয়স মাত্র ২৮। তত দিনে ভেঙে গেছে বিখ্যাত ব্যান্ড বিটলস। শুরু করেছেন একক সংগীতজীবন। বিশ্বজুড়ে তাঁর পরিচিতি, জনপ্রিয়তা ও সংগীতের প্রভাব—সবকিছুকে কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য। যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে লড়েননি, কিন্তু গিটারের সুরে বিশ্ববাসীর বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছিলেন।
২৫ বছর আগে, ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হ্যারিসন। বয়স হয়েছিল ৫৮ বছর। বিশ্বসংগীত তাঁকে মনে রেখেছে বিটলসের কিংবদন্তি হিসেবে। বাংলাদেশের মানুষের কাছে তাঁর আরেকটি পরিচয়—একাত্তরের অকৃত্রিম বন্ধু।
এক বন্ধুর ডাকে মানবতার পাশে
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি হ্যারিসনের ছিল গভীর অনুরাগ। সেই সূত্রেই পরিচয় ও বন্ধুত্ব পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের দুর্দশার কথা বন্ধুর কাছ থেকেই প্রথম বিস্তারিত জানতে পারেন তিনি।
হ্যারিসনের আত্মজীবনী *আই মি মাইন* থেকে জানা যায়, ওই বছরের জুনে লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় রবিশঙ্কর তাঁকে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় একটি কনসার্ট আয়োজনের প্রস্তাব দেন। এরপর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবরও পাঠাতে থাকেন। সেসব পড়ে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেন হ্যারিসন। বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন।
বিটলস ভেঙে যাওয়ার পর সাবেক সহশিল্পীদের সঙ্গে হ্যারিসনের সম্পর্ক তখন খুব একটা ভালো ছিল না। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ব্যক্তিগত অভিমান ভুলে যোগাযোগ করেন পুরোনো বন্ধুদের সঙ্গে। রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন ও লিওন রাসেল শুরুতেই রাজি হন। বব ডিলান ও এরিক ক্ল্যাপটনের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অনুষ্ঠানের এক দিন আগে নিউইয়র্কে পৌঁছান তাঁরাও। জন লেনন অবশ্য এক সপ্তাহ আগেই অপারগতার কথা জানিয়েছিলেন।
কনসার্টের আগেই লিখলেন বাংলাদেশের গান
মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই শুধু কনসার্ট আয়োজন করেননি হ্যারিসন, বাংলাদেশের জন্য লিখেছিলেন একটি গানও। ১৯৭১ সালের জুলাইয়ে প্রকাশিত হয় ‘বাংলাদেশ’। বন্ধুর আকুতি দিয়ে শুরু হওয়া গানটিতে তিনি বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে।
এটি ছিল কেবল একটি গান নয়; যুদ্ধের ভয়াবহতার মধ্যে হারিয়ে যেতে বসা একটি দেশের নাম বিশ্বমঞ্চে উচ্চারণের শক্তিশালী উদ্যোগ।
এক মঞ্চে সংগীতের মহাতারকারা
প্রথমে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় একই দিনে দ্বিতীয় কনসার্টের আয়োজন করতে হয়। বিকেল ও রাতের দুই আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার দর্শক। এত বড় আয়োজনের আগে সব শিল্পীকে নিয়ে একবার মহড়াও করতে পারেননি হ্যারিসন। তবু অনিশ্চয়তা পেরিয়ে সফল হয়েছিল ঐতিহাসিক সেই আয়োজন।
কনসার্ট শুরু হয়েছিল বাংলাদেশের পল্লিগীতির সুর অবলম্বনে রবিশঙ্করের তৈরি ‘বাংলা ধুন’ দিয়ে। সেতারে ছিলেন রবিশঙ্কর, সরোদে ওস্তাদ আলী আকবর খান, তবলায় ওস্তাদ আল্লা রাখা এবং তানপুরায় কমলা চক্রবর্তী।
পশ্চিমা সংগীতের তারকাদের মধ্যে ছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন ও লিওন রাসেল। হ্যারিসন গেয়েছিলেন ‘মাই সুইট লর্ড’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ ও ‘হিয়ার কামস দ্য সান’-এর মতো জনপ্রিয় গান। শেষ পরিবেশনায় ছিল বাংলাদেশের জন্য লেখা তাঁর সেই বিশেষ গান।
সুরের পথ ধরে পৌঁছেছিল সহায়তা
কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল প্রায় আড়াই লাখ ডলার। ১৯৭১ সালের ডিসেম্বরে তিনটি রেকর্ড নিয়ে প্রকাশিত হয় কনসার্টের অ্যালবাম। পরের বছরের মার্চে মুক্তি পায় অনুষ্ঠানটি নিয়ে নির্মিত চলচ্চিত্র। অ্যালবাম ও চলচ্চিত্র থেকে পরবর্তী সময়ে আরও অর্থ সংগ্রহ করা হয়। এসব অর্থ দেওয়া হয়েছিল ইউনিসেফ পরিচালিত শিশুদের কল্যাণমূলক তহবিলে।
১৯৭৩ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জেতে *দ্য কনসার্ট ফর বাংলাদেশ*। শিল্পী ও প্রযোজকদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রিঙ্গো স্টার।
পণ্ডিত রবিশঙ্কর পরে জানিয়েছিলেন, তাঁর ৭৫ বছরের সংগীতজীবনের সবচেয়ে স্মরণীয় কনসার্ট ছিল এটি। এরিক ক্ল্যাপটনও বলেছিলেন, সেদিন তিনি উপলব্ধি করেছিলেন, সংগীতশিল্পী হওয়াটা কতটা গর্বের বিষয়।
জর্জ হ্যারিসন চলে গেছেন ২৫ বছর আগে। কিন্তু তাঁর গিটারের তারে একাত্তরে যে দেশের নাম বেজেছিল, সেই বাংলাদেশ আজও তাঁকে মনে রেখেছে। ইতিহাসে অনেকেই যুদ্ধের গল্প লেখেন অস্ত্র দিয়ে, কেউ লেখেন রক্ত দিয়ে। হ্যারিসন লিখেছিলেন গানের সুরে, মানবতার আহ্বানে। তাই তাঁর কাছে বাংলাদেশের পরিচয় কেবল একটি ভূখণ্ডের নাম ছিল না; ছিল বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এক অবিস্মরণীয় অঙ্গীকার।