২০২৫ সালের ২৮ নভেম্বর জেনস সুমনের মৃত্যুর পর দেখা সেই দৃশ্য আজও আবেগ জাগায়। ২৮ নভেম্বর ২০২৬, তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকালে মনে হয়, একজন শিল্পীর জীবনের সঙ্গে একটি গান কীভাবে মিশে যেতে পারে, জেনস সুমন তারই এক অনন্য উদাহরণ।
যে গান বদলে দিয়েছিল পরিচয়
সময়টা ২০০২ সাল। সংগীতের বাজার তখনো ক্যাসেটনির্ভর। নতুন অ্যালবামের অপেক্ষায় থাকতেন শ্রোতারা। টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ছিল নতুন গান ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম। এমন সময় বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারিত হয় ‘একটা চাদর হবে’। গানটি দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। রাতারাতি পরিচিতি পান জেনস সুমন।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছিলেন ইথুন বাবু। একই নামের অ্যালবামে গিটার বাজিয়েছিলেন সেলিম হায়দার। এটি ছিল জেনস সুমনের পঞ্চম একক অ্যালবাম। ইথুন বাবুর সঙ্গে কাজ করার পরিকল্পনা অবশ্য তাঁদের ক্যারিয়ারের শুরুর দিকেই হয়েছিল। নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে মিউজিকম্যানিয়া স্টুডিওতে দেখা হওয়ার পর পুরোনো সেই পরিকল্পনা থেকে জন্ম নেয় গানটি।
নামের পেছনেও ছিল গল্প
জেনস সুমনের প্রকৃত নাম গালিব আহসান মেহেদী। ১৯৭৯ সালে শরীয়তপুরে জন্ম, বেড়ে ওঠা ঢাকায়। ১৯৯৭ সালে সারগামের ব্যানারে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’।
‘জেনস সুমন’ নামটি শুরুতে তাঁর নিজের পছন্দের ছিল না। নগরবাউল জেমসের সঙ্গে কণ্ঠের কিছুটা সাদৃশ্য থাকায় সংগীতজীবনের শুরুতে এই নাম পেয়েছিলেন তিনি। নামটি নিয়ে বিড়ম্বনার কথাও জানিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই নামই হয়ে ওঠে তাঁর নিজস্ব পরিচয়।
‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’ ও ‘চেরি’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। তবু শ্রোতাদের কাছে তাঁর নামের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে ছিল ‘একটা চাদর হবে’।
ফেরার গল্পটি অসমাপ্তই রয়ে গেল
২০০৮ সালে ‘মন চলো রূপের নগরে’ অ্যালবাম প্রকাশের পর দীর্ঘ সময় নতুন গান থেকে দূরে ছিলেন তিনি। পেশাগত ব্যস্ততায় সংগীতে অনিয়মিত হয়ে পড়েন। তবে ২০২৪ সালে ১৬ বছরের বিরতি ভেঙে ‘আসমান জমিন’ গান দিয়ে ফেরার চেষ্টা করেন। এস আই এনজেলের কথা, সুর ও সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছিল জি-সিরিজ। পরিকল্পনা ছিল নিয়মিত গান প্রকাশের। কিন্তু সেই প্রত্যাবর্তন দীর্ঘ হয়নি।
জেনস সুমনের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বেদনাদায়ক অধ্যায়। তাঁর পরিচিতি পাওয়া অ্যালবামের গিটারিস্ট সেলিম হায়দার মারা যান তাঁর আগের রাতে। ২০২৫ সালের ২৭ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান সেলিম। পরদিন বুকে তীব্র ব্যথা অনুভব করলে জেনস সুমনকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। বেলা সাড়ে তিনটার দিকে সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
একই অ্যালবামে একজনের কণ্ঠ, অন্যজনের গিটার—মাত্র এক দিনের ব্যবধানে দুজনের বিদায়। সংগীতের ইতিহাসে বিরল এক বিষাদময় ঘটনা।
শিল্পীর মৃত্যুর পর ২০২৫ সালের ২ ডিসেম্বর প্রকাশিত হয় তাঁর গাওয়া ‘কেউ জানল না কেউ বুঝল না’। মৃত্যুর আগে রেকর্ড করা গানটি যেন হয়ে থাকে অসমাপ্ত সংগীতযাত্রার শেষ স্মারক।
ক্যাসেটের যুগ পেরিয়ে সংগীত এখন ডিজিটাল পর্দায়। শ্রোতা বদলেছেন, বদলেছে গান শোনার অভ্যাস। কিন্তু কিছু গান সময়ের সঙ্গে পুরোনো হয় না। কোনো চায়ের দোকানে, কোনো আড্ডায় কিংবা নিভৃতে কারও গানের তালিকায় আবার ফিরে আসে ‘একটা চাদর হবে’। শিল্পীর জন্য এর চেয়ে বড় স্মৃতি আর কী হতে পারে!