সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

পর্দায় তাঁরা কখনো আদর্শ প্রেমিক, কখনো সুখী দম্পতি, কখনো আবার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা মানুষ। দর্শকেরা তাঁদের প্রেমে মুগ্ধ হন, রোমান্সের দৃশ্য দেখে হাততালি দেন। অথচ বাস্তব জীবনে এই তারকাদের কারও কারও সম্পর্কের গল্প ছিল অনেক বেশি জটিল। সেখানে ছিল বন্ধুর স্বামীর সঙ্গে প্রেম, গোপন সম্পর্ক, সন্তানের পিতৃত্ব নিয়ে চাঞ্চল্য, আবার কোনো কোনো ঘটনায় জড়িয়ে পড়েছিল রাজনীতিও। ব্যক্তিগত জীবনের এসব ঘটনা একসময় হলিউডের বিনোদনজগৎ ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। তেমনই সাতটি আলোচিত ঘটনা—

১. ব্র্যাড পিট, জোলি ও অ্যানিস্টন: এক ত্রিভুজের গল্প

হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের ত্রিভুজগুলোর কথা উঠলে সবার আগে আসে ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার অ্যানিস্টনের নাম। ২০০০ সালে অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন পিট। তাঁদের জুটি ছিল সে সময়ের জনপ্রিয়তম তারকা দম্পতিদের একটি। কিন্তু ২০০৫ সালে ভেঙে যায় সেই সংসার। এর মধ্যেই ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পিট ও জোলির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাঁদের সম্পর্কের শুরুর সময় নিয়ে নানা আলোচনা থাকলেও জোলি বলেছেন, পিটের বিবাহবিচ্ছেদের পরই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন ২০১৪ সালে। তবে সেই সংসারও টেকেনি। ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন জোলি। একসময়কার ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি পরিণত হয় হলিউডের দীর্ঘতম বিচ্ছেদ-সংক্রান্ত আইনি লড়াইগুলোর একটিতে।
 

২. ইনগ্রিড বার্গম্যান: প্রেমের ঘটনায় মার্কিন সিনেটেও ঝড়

‘কাসাব্লাঙ্কা’ ছবির তারকা ইনগ্রিড বার্গম্যানের ব্যক্তিগত জীবন একসময় যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও আলোড়ন তুলেছিল। ১৯৪৯ সালে ইতালীয় পরিচালক রবার্তো রোসেলিনির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁদের পরিচয় ‘স্ট্রোম্বোলি’ ছবির কাজ করতে গিয়ে। তখন দুজনই বিবাহিত ছিলেন। পরে বার্গম্যান অন্তঃসত্ত্বা হন এবং তাঁদের একটি সন্তান জন্ম নেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ধর্মীয় সংগঠনগুলো তাঁর বিরুদ্ধে প্রচার শুরু করে। ১৯৫০ সালে সিনেটর এডউইন জনসন সিনেটেই বার্গম্যানের সমালোচনা করেন। বিতর্কের কারণে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হয় তাঁকে। তবে ‘আনাস্তাশিয়া’ ছবির মাধ্যমে ফিরে এসে আবারও অস্কার জেতেন এই অভিনেত্রী। ১৯৭২ সালে মার্কিন কংগ্রেসে তাঁর প্রতি অতীতের আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হয়।
 

৩. এলিজাবেথ টেলর: বন্ধুর সংসারেই ভাঙনের সুর

এলিজাবেথ টেলর ও ডেবি রেনল্ডস ছিলেন বন্ধু। সেই বন্ধুত্বের মাঝখানে একসময় চলে আসেন সংগীতশিল্পী এডি ফিশার। তিনি ছিলেন রেনল্ডসের স্বামী। ১৯৫৮ সালে বিমান দুর্ঘটনায় টেলরের স্বামী চলচ্চিত্র প্রযোজক মাইক টড মারা যাওয়ার পর তাঁর পাশে দাঁড়ান ফিশার। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে স্ত্রী রেনল্ডসকে ছেড়ে টেলরের সঙ্গে সম্পর্কে জড়ান ফিশার। ১৯৫৯ সালে রেনল্ডসের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে টেলরকে বিয়ে করেন তিনি। ঘটনায় বন্ধুত্ব ভেঙে যায়, হলিউডে শুরু হয় তুমুল আলোচনা। ফিশারের সংগীতজীবনেও পড়ে এর নেতিবাচক প্রভাব। বহু বছর পর অবশ্য টেলর ও রেনল্ডসের সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছিল।
 

৪. জুড ল: সন্তানের দেখাশোনার দায়িত্বে থাকা নারীর সঙ্গে সম্পর্ক

২০০৫ সালে ব্রিটিশ অভিনেতা জুড লকে ঘিরে প্রকাশিত একটি খবর তাঁর ব্যক্তিগত জীবনকে তুমুল আলোচনায় নিয়ে আসে। সে সময় অভিনেত্রী সিয়েনা মিলারের সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। কিন্তু নিজের সন্তানের দেখাশোনার দায়িত্বে থাকা ডেইজি রাইটের সঙ্গে সম্পর্কের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে জুড ল নিজেই প্রকাশ্যে ক্ষমা চান। সিয়েনা মিলার ও দুই পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। কিন্তু তাতে সম্পর্কের সংকট কাটেনি। ভেঙে যায় তাঁদের বাগদান। পরে অবশ্য দুজন আবার কাছাকাছি এসেছিলেন, তবে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। ঘটনাটি জুড লের ব্যক্তিগত জীবন ও তারকাখ্যাতিকে দীর্ঘদিন সংবাদমাধ্যমের আলোচনায় রেখেছিল।
 

৫. ক্রিস্টেন স্টুয়ার্ট: কয়েকটি ছবি, তোলপাড় দুই সংসার

‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমের খবরও একসময় ভক্তদের আগ্রহের কেন্দ্রে ছিল। সহশিল্পী রবার্ট প্যাটিনসনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছিল নানা আলোচনা। কিন্তু ২০১২ সালে প্রকাশিত কিছু ছবি সবকিছু বদলে দেয়। ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে স্টুয়ার্টের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশিত হয়। তখন স্টুয়ার্ট সম্পর্কে ছিলেন প্যাটিনসনের সঙ্গে, আর স্যান্ডার্স বিবাহিত ছিলেন লিবার্টি রসের সঙ্গে। ছবি প্রকাশের পর দুজনই প্রকাশ্যে ক্ষমা চান। স্টুয়ার্টের সঙ্গে প্যাটিনসনের সম্পর্কেও ভাঙন ধরে। অন্যদিকে স্যান্ডার্স ও রসের দাম্পত্যও শেষ পর্যন্ত টেকেনি।
 

৬. আর্নল্ড শোয়ার্জেনেগার: ২৫ বছরের সংসারের আড়ালে গোপন সন্তান

অ্যাকশন সিনেমার তারকা, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারকে ঘিরে ২০১১ সালে প্রকাশিত একটি খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করে। স্ত্রী মারিয়া শ্রাইভারের সঙ্গে তাঁর ২৫ বছরের দাম্পত্য ছিল। তাঁদের চার সন্তানও ছিল। কিন্তু জানা যায়, পরিবারের গৃহকর্মী মিলড্রেড বায়েনার সঙ্গে আর্নল্ডের সম্পর্ক ছিল এবং ১৯৯৭ সালে তাঁদের একটি সন্তান জন্মেছিল। এত দিন বিষয়টি গোপন ছিল। সন্তানের পিতৃত্বের কথা সামনে আসার পর আর্নল্ড নিজেই তা স্বীকার করেন। ভেঙে যায় দীর্ঘদিনের সংসার। পরে নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তিনি। পর্দায় শক্তিমান নায়কের চরিত্রে অভিনয় করা আর্নল্ডের ব্যক্তিগত ভাবমূর্তিতে ঘটনাটি বড় ধাক্কা হয়ে আসে।
 

৭. মেগ রায়ান: পর্দার রোমান্টিক নায়িকার বাস্তব জীবনের বিতর্ক

‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্লিপলেস ইন সিয়াটল’ ও ‘ইউ হ্যাভ গট মেইল’—এমন সব ছবিতে অভিনয় করে মেগ রায়ান একসময় হলিউডের রোমান্টিক কমেডির জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু ২০০০ সালে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে শুরু হয় বিতর্ক। অভিনেতা ডেনিস কুয়েডের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। ‘প্রুফ অব লাইফ’ ছবিতে কাজ করার সময় সহশিল্পী রাসেল ক্রোর সঙ্গে রায়ানের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। তাঁদের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে নানা আলোচনা হয়। এরপর ভেঙে যায় রায়ান ও কুয়েডের দাম্পত্য। ঘটনাটি তাঁর জনপ্রিয়তা ও ব্যক্তিগত ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তৈরি করেছিল। বহু বছর পর এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, সে সময় সংবাদমাধ্যম তাঁর ব্যক্তিগত জীবনকে যেভাবে উপস্থাপন করেছিল, বাস্তবতা তার চেয়ে অনেক আলাদা ছিল।

তারকাদের জীবনকে বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ততটাই আড়ালে থাকতে পারে। এসব ঘটনার কোনোটিতে সংসার ভেঙেছে, কোনোটিতে ক্যারিয়ারে প্রভাব পড়েছে, আবার কোনোটি পৌঁছে গেছে রাষ্ট্রীয় বিতর্কের পর্যায়ে। তবে একটি বিষয় স্পষ্ট—হলিউডে পর্দার গল্প আর বাস্তব জীবনের গল্প সব সময় এক পথে হাঁটে না। কখনো কখনো বাস্তবের ঘটনাই সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

ফটো গ্যালারি

১ / 1

প্রেম, প্রতারণা আর গোপন সম্পর্ক—হলিউড কাঁপানো সাত কাহিনি

আরও

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচন...

২০২৬-১০-২৭ ১৬:১০

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

বিনোদন

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন...

২০২৬-১০-২০ ১৪:০৬