মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। পোস্টারে তার রুক্ষ ও রহস্যময় চেহারার পাশাপাশি একটি সংলাপও নজর কেড়েছে। আর সেই সংলাপ ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার সকালে প্রকাশিত পোস্টারে শাহরুখকে দেখা গেছে এক ভিন্ন রূপে। পাকা চুল, মুখভর্তি দাড়ি, রক্তের দাগ আর গম্ভীর অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। অ্যাকশনধর্মী আবহের এই পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সংলাপ- ‘খুনি নই, প্রেমিক’। বিপজ্জনক এক চরিত্রের এমন বক্তব্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে।

পোস্টারের সংলাপটি শাহরুখ অভিনীত ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় গানের কথাও মনে করিয়ে দিয়েছে। ওই সিনেমার গানে ছিল, ‘আমি প্রেমিক, আবার খুনিও।’ নতুন পোস্টারের সংলাপে সেই গানের কথার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেক ভক্ত। তাদের মতে, পুরোনো সিনেমার স্মৃতি ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছেন নির্মাতারা।

এর আগে ‘কিং’-এর নাম ঘোষণার ভিডিও প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে রুপালি চুলে ভয়ংকর এক চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ভিডিওতে তার সংলাপ ছিল, ‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম- কিং।’ সেই ঝলকেই স্পষ্ট হয়েছিল, পরিচিত রোমান্টিক নায়কের গণ্ডি পেরিয়ে এবার অন্য ধরনের চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।

এক অনুষ্ঠানে নিজের চরিত্র প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, ‘কিং’-এ তাকে অন্ধকার ও ধূসর বৈশিষ্ট্যের একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটি নির্মম এবং গল্পের প্রয়োজনে মানুষ হত্যাও করে। ফলে নতুন পোস্টারের ‘খুনি নই, প্রেমিক’ সংলাপটি চরিত্রটির কোন দিক তুলে ধরছে, তা জানতে আগ্রহী দর্শকরা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ আরও অনেকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। গত বছর নিজের ৬০তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম ঝলক প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। এবার জন্মদিনের আগে নতুন পোস্টার প্রকাশের পর ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। জন্মদিন উপলক্ষে ছবিটির নতুন কোনো প্রচারমূলক ঝলক প্রকাশ করা হয় কি না, এখন সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

দীর্ঘদিনের রোমান্টিক নায়ক পরিচয়ের পাশাপাশি অ্যাকশনধর্মী চরিত্রেও নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন শাহরুখ। ‘কিং’-এ দুই ধরনের বৈশিষ্ট্যের মিশেলে তার অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, তার উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পরই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও

একই বিমানে শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাচ্ছেন যে কারণে

বিনোদন

একই বিমানে শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাচ্ছেন যে কারণে

বিমানে পাশাপাশি বসে আছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের কৌত...

২০২৬-১০-০৯ ২১:৩৫

মাদক নিয়ন্ত্রণে সরকারি নীতি ও সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী

বিনোদন

মাদক নিয়ন্ত্রণে সরকারি নীতি ও সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযান যথেষ্ট নয়। এ জন্য কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি...

২০২৬-১০-০৯ ১৯:২২