শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

অমিতাভের ১০০ কোটির ‘জলসা’ ঘিরে পারিবারিক সম্পত্তির লড়াই

বলিউডের শাহেনশাহ তিনি। পর্দায় তাঁর সংলাপে কেঁপেছে প্রেক্ষাগৃহ, অভিনয়ে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। কিন্তু এবার আলোচনায় অমিতাভ বচ্চন অভিনয় কিংবা সিনেমা নিয়ে নন, বরং তাঁর বিলাসবহুল আবাসন ‘জলসা’। প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই বাড়ির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে শুরু হয়েছে নতুন বিতর্ক। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন ১৯৯৩ সালে করা একটি দানপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেছেন।

মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত দুইতলা বাংলো ‘জলসা’ দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের ঠিকানা। রামোলার দাবি, বাড়িটির মালিকানা প্রথমে তাঁর নামেই নিবন্ধিত হয়েছিল। কিন্তু তাঁর অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে সেটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়।

এই দলিলের বৈধতা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, দানপত্রটি সাধারণ কাগজে তৈরি হয়েছিল, প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্ক দেওয়া হয়নি, এমনকি সাক্ষীদের স্বাক্ষরও ছিল না। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।

বাড়িটির মালিকানা নিয়ে নথিতেও রয়েছে অসংগতি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম রয়েছে। সরকারি নথিতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার পরই বিরোধটি নতুন করে সামনে আসে।

বিষয়টি এখন মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন। গত সাত মাসে রামোলার একাধিক অভিযোগের পর শুনানি শুরু হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। তবে এখনো মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে অমিতাভ বচ্চনের কাছে জানতে চাওয়া হলেও তিনি মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ উল্লেখ করে এ নিয়ে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ‘জলসা’ শুধু অমিতাভের আবাসস্থল নয়, তাঁর ভক্তদের কাছেও বিশেষ আবেগের জায়গা। বছরের পর বছর ধরে প্রতি রোববার বাড়িটির বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান বলিউডের এই কিংবদন্তি। সেই বাড়িই এখন পারিবারিক সম্পত্তির বিরোধে আলোচনার কেন্দ্রে।

যে বাড়ির সামনে প্রতি রোববার ভক্তদের ভালোবাসার ঢল নামে, সেই ‘জলসা’র মালিকানা নিয়ে এখন সিদ্ধান্তের অপেক্ষা। তবে শেষ পর্যন্ত এই সম্পত্তির প্রকৃত মালিক কে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

বিনোদন

‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’—এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন...

২০২৬-১০-২০ ১৪:০৬

আন্ডারওয়ার্ল্ডের নজরে বলিউড; হুমকি-সহিংসতায় শঙ্কিত তারকারা

বিনোদন

আন্ডারওয়ার্ল্ডের নজরে বলিউড; হুমকি-সহিংসতায় শঙ্কিত তারকারা

মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে হিন্দি চলচ্চিত্রশিল্পের যোগাযোগের ইতিহাস ১৯৬০-এর দশক পর্যন্ত বিস্তৃত। ওই সময় হাজি মাস্...

২০২৬-১০-১৯ ১৬:২৬