ইউটিউব ও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ বাড়াতেই নতুন উদ্যোগ নিয়েছে এক্স। বিশেষ করে স্বল্পদৈর্ঘ্যের ভার্টিক্যাল ভিডিও তৈরি ও সম্পাদনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে উন্নত মিডিয়া এডিটর। এর সাহায্যে এক্স অ্যাপ থেকেই বিভিন্ন ফরম্যাটে উচ্চ রেজোল্যুশনের ভার্টিক্যাল ভিডিও তৈরি করা যাবে। ভিডিও ধারণের সময় সেটিকে একাধিক অংশে ভাগ করা, গ্রিন স্ক্রিন ব্যবহার করে পটভূমি পরিবর্তন এবং অনুভূমিক ভিডিওকে উল্লম্ব বিন্যাসে রূপান্তরের সুযোগও থাকছে।
এ ছাড়া ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরি, নির্দিষ্ট অংশ কেটে বাদ দেওয়া এবং পর্দায় লেখা যুক্ত করা যাবে। প্রকাশের আগে ভিডিওর থাম্বনেইল নিজের পছন্দমতো নির্বাচন ও ছবি সম্পাদনার সুবিধাও রাখা হয়েছে।
এক পোস্টে একসঙ্গে সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধাও চালু করেছে প্ল্যাটফর্মটি। দর্শকেরা সেগুলো আড়াআড়িভাবে সোয়াইপ করে দেখতে পারবেন। কোনো অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত, আয়োজনের নেপথ্যের দৃশ্য কিংবা নতুন পণ্যের উদ্বোধনের ছবি-ভিডিও একসঙ্গে প্রকাশে এটি কাজে আসবে।
নির্মাতাদের সঙ্গে অর্থের বিনিময়ে যুক্ত থাকা অনুসারীদের যোগাযোগ আরও বাড়াতে চালু হয়েছে ‘সাবস্ক্রাইবার-অনলি গ্রুপ চ্যাটস’। এর মাধ্যমে অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের নিয়ে ব্যক্তিগত গ্রুপ চ্যাট করতে পারবেন নির্মাতারা। বর্তমানে সর্বোচ্চ ৮০০ জন সাবস্ক্রাইবার রয়েছে, এমন নির্মাতারা সুবিধাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। প্রতিটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ এক হাজার সদস্য অংশ নিতে পারবেন।