শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

গ্রহাণু, নাকি ছদ্মবেশী ধূমকেতু—মহাকাশে রহস্য ছড়াচ্ছে ১৯৯৮ কেওয়াই২৬

গ্রহাণু, নাকি ছদ্মবেশী ধূমকেতু—মহাকাশে রহস্য ছড়াচ্ছে ১৯৯৮ কেওয়াই২৬

মহাকাশে ছুটে চলা সব পাথুরে বস্তুর আচরণ একরকম নয়। কিছু গ্রহাণুর গতিপথে এমন অস্বাভাবিকতা দেখা যায়, যা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। তেমনই এক মহাজাগতিক বস্তু ১৯৯৮ কেওয়াই২৬। এর চলার ধরন সাধারণ গ্রহাণুর সঙ্গে পুরোপুরি মেলে না। গবেষকদের ধারণা, এটি হয়তো আদতে কোনো সাধারণ গ্রহাণু নয়, বরং একধরনের ‘ডার্ক কমেট’ বা গাঢ় ধূমকেতু।

গ্রহাণু মূলত পাথুরে বস্তু। অন্যদিকে ধূমকেতুর গঠনে বরফ থাকে। সূর্যের কাছাকাছি এলে সেই বরফ উত্তাপে গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। গ্যাস নির্গমনের ফলে ধূমকেতু মহাকর্ষের টানের বাইরেও বাড়তি ধাক্কা পায়, যা তার গতিপথে প্রভাব ফেলে। সাধারণত ধূমকেতুর পেছনে উজ্জ্বল লেজ দেখা যায়। কিন্তু ডার্ক কমেটের ক্ষেত্রে এই দৃশ্যমান লেজ থাকে না। ফলে দেখতে গ্রহাণুর মতো হলেও আচরণে তারা ধূমকেতুর বৈশিষ্ট্য বহন করতে পারে।

১৯৯৮ কেওয়াই২৬-এর একটি বৈশিষ্ট্য গবেষকদের বিশেষভাবে ভাবাচ্ছে। বস্তুটি মাত্র ৫ দশমিক ৩৫ মিনিটে নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসে। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মহাকাশ প্রকৌশলী করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি এর আকার, কক্ষপথ, প্রতিফলনক্ষমতা ও সম্ভাব্য গঠন বিশ্লেষণ করে একটি তাপমাত্রার মডেল তৈরি করেছেন। তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে ‘ইকারাস’ সাময়িকীতে।

গবেষকদের হিসাব বলছে, গ্রহাণুটির সবচেয়ে শীতল অংশের তাপমাত্রাও সূর্যকে প্রদক্ষিণের সময় অন্তত ২১২ কেলভিন বা মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। অথচ দীর্ঘ সময় বরফ টিকে থাকতে তাপমাত্রা প্রায় ১৪৫ কেলভিন বা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন। তাঁদের মডেল অনুযায়ী, গ্রহাণুটির ভরের মাত্র ১ শতাংশ পানি বরফ হলেও এই তাপমাত্রায় তা দুই হাজার বছরের কিছু বেশি সময়ের মধ্যে বাষ্পীভূত হয়ে যাওয়ার কথা।

তবে এর অর্থ এই নয় যে গ্রহাণুটিতে বরফ থাকার সম্ভাবনা একেবারে শেষ। এটি কত দিন ধরে বর্তমান কক্ষপথে রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। আবার সূর্যের বিকিরণ চাপও এর অস্বাভাবিক গতির কারণ হতে পারে।

রহস্যের সমাধানে এগিয়ে আসছে জাপানের মহাকাশ সংস্থা। তাদের পাঠানো হায়াবুসা-২ মহাকাশযান ২০৩১ সালের জুলাইয়ে ১৯৯৮ কেওয়াই২৬-এর কাছাকাছি পৌঁছানোর কথা। তখনই হয়তো জানা যাবে, পাথুরে এই বস্তু আসলে গ্রহাণু, নাকি অন্ধকারে লুকিয়ে থাকা ধূমকেতু।

আরও

বাংলা ভাষায় কথা বলবে এআই, বদলে যেতে পারে সরকারি সেবাও

প্রযুক্তি

বাংলা ভাষায় কথা বলবে এআই, বদলে যেতে পারে সরকারি সেবাও

নিজের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা, সরকারি সেবার তথ্য জানা কিংবা জটিল দাপ্তরিক নথি বুঝে নেওয়া—সবই হতে পারে আ...

২০২৬-১১-১৩ ০৮:৫৫

মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

প্রযুক্তি

প্রযুক্তিতে মানসিক স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। হাসিমুখের আড়ালে জমে থাকে উদ্বেগ, একাকিত্ব, হতাশা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্ত...

২০২৬-১১-১২ ১৯:২০

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১