শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামী ১৩ নভেম্বর দেশে চালু হতে যাচ্ছে গেমটি। তুলনামূলক কম জায়গা ব্যবহার করেই এতে পাবজি মোবাইলের পরিচিত ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা পাওয়া যাবে।

‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা ফ্ল্যাশের অন্যতম আকর্ষণ এর ছোট ডাউনলোড আকার। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে ০.৯৬ গিগাবাইটের কম এবং আইওএসে ১.৭৫ গিগাবাইট ডাউনলোড করতে হবে। শুরু থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড থাকবে। ফলে আলাদা করে এসব ডাউনলোডের অপেক্ষা ছাড়াই খেলা শুরু করা যাবে। প্রয়োজন অনুযায়ী পরে অন্য মানচিত্র, মোড ও ইভেন্টের উপকরণ ডাউনলোড করা যাবে।

হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযোগ থাকছে ফ্ল্যাশের। খেলোয়াড়েরা তাঁদের বিদ্যমান অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা ও গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতেও পারবেন। ফলে বন্ধুদের সঙ্গে খেলতে সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না।

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকসে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ফ্ল্যাশের বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে মেমোরির ব্যবহার ১২ শতাংশ ও শক্তি খরচ ৩ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। গেম চালু হওয়া এবং ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময়ও কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।

সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে থাকছে পূর্ণাঙ্গ ব্যানপ্যান নিরাপত্তাব্যবস্থা। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে পর্যালোচনার ব্যবস্থা থাকবে।

গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র‍্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেম বা এফপিএসে খেলার সুযোগ পাওয়া যাবে।

পরিচিত যুদ্ধক্ষেত্র, পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা ও কম ডাউনলোড আকারের সমন্বয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় পাবজি মোবাইল ফ্ল্যাশ। বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে শুরু হবে এর যাত্রা।

আরও

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

প্রযুক্তি

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

অনলাইনে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা হারালে তা ফেরত পাওয়ার জন্য এখন থেকে ঘরে বসেই আবেদন করা যাবে। এ জন্য নতুন একটি অন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৪

প

প্রযুক্তি

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও শোবার ঘরে জায়গা করে নিচ্ছে মস্তিষ্কের সংকেত পড়া এয়ারবাড: বদলে যেতে পারে জীবন ও চিন্তা

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এবার বাজারে এল মস্তিষ্কের সংকেত বা সিগনাল মেপে দেখার বিশেষ এয়ারবাড। বিজ্ঞানের কল্পকাহিনির মতো শ...

২০২৬-০৮-৩১ ১৩:১৮