দেশীয় ব্যবহারকারীদের চাহিদা, ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে ফ্রিডার। পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মতো এখানেও রয়েছে লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট, ছবি ও ভিডিও প্রকাশের সুবিধা। ফলে নতুন ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করা তুলনামূলক সহজ।
ফ্রিডারের উদ্যোক্তা মো. আখতারুজ্জামানের দাবি, বর্তমানে প্ল্যাটফর্মটির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখের বেশি। প্রতিদিন নতুন করে এক থেকে পাঁচ হাজার ব্যবহারকারী যুক্ত হচ্ছেন। রংপুরের একটি ভাড়া করা ভবন থেকে পরিচালিত হচ্ছে এর কার্যক্রম।
কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল বিনোদন নয়, এখন অনেকের জীবিকা ও ব্যবসার সঙ্গেও জড়িয়ে আছে কনটেন্ট তৈরি। বিষয়টি বিবেচনায় রেখে ফ্রিডারে কনটেন্ট নির্মাতাদের জন্য মনিটাইজেশন সুবিধা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক হাজার অনুসারী হলেই মনিটাইজেশনের সুযোগ পাওয়া যায়।
এ ছাড়া প্রোফাইল ও পেজ ভেরিফিকেশনের খরচও তুলনামূলক কম রাখা হয়েছে। ফ্রিডারের মার্কেটিং প্রধান বাদশা আলমের ভাষ্য অনুযায়ী, ১৫০ টাকায় প্রোফাইল এবং ৩০০ টাকায় পেজ ভেরিফিকেশন করা যায়। অল্প খরচে পোস্ট প্রচার ও বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এসব সুবিধা ক্ষুদ্র উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ী ও নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে যারা বড় প্ল্যাটফর্মে পরিচিতি তৈরি করতে গিয়ে খরচ ও জটিলতার মুখে পড়েন, তাঁদের জন্য এটি বিকল্প একটি জায়গা হয়ে উঠতে পারে।
গোপনীয়তা ও ইতিবাচক পরিবেশের প্রতিশ্রুতি
ফ্রিডারের উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং অশ্লীলতা পরিহার করে একটি ইতিবাচক ডিজিটাল পরিবেশ গড়ে তোলা। দেশের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্মটি পরিচালনার কথাও জানিয়েছেন তাঁরা।
তবে ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে শুধু ভালো উদ্দেশ্য থাকলেই হয় না; ব্যবহারকারীর তথ্য সুরক্ষা, নিরাপত্তাব্যবস্থা এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর প্রযুক্তি ও নীতিমালা প্রয়োজন। ব্যবহারকারীর আস্থা অর্জনের জন্য এসব জায়গায় ধারাবাহিক উন্নয়ন জরুরি।
ফ্রিডারের হেড অব সাপোর্ট রেজাউল করিমও স্বীকার করেছেন, প্রতিষ্ঠিত বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা সহজ নয়। তাদের রয়েছে বিপুল ব্যবহারকারী, উন্নত প্রযুক্তি, শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা এবং দীর্ঘদিনের অর্জিত আস্থা। এসব ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ হতে পারে।
সম্ভাবনা কতটা, চ্যালেঞ্জই বা কী?
দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে ওঠার অর্থ শুধু নতুন একটি অ্যাপ তৈরি হওয়া নয়। দেশের মানুষের ডিজিটাল কর্মকাণ্ড, বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসার একটি অংশ দেশীয় প্ল্যাটফর্মে পরিচালিত হলে স্থানীয় প্রযুক্তি খাতও উপকৃত হতে পারে। তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ।
তবে ১০ লাখ নিবন্ধিত ব্যবহারকারী পাওয়া যেমন গুরুত্বপূর্ণ অর্জন, তেমনি তাঁদের সক্রিয় রাখা আরও বড় পরীক্ষা। ব্যবহারকারীরা যেন নিয়মিত ভালো সেবা পান, দ্রুত সমস্যার সমাধান হয় এবং তাঁদের তথ্য নিরাপদ থাকে—এসব নিশ্চিত করতে হবে।
ফ্রিডারের সামনে তাই এখন দুটি কাজ: একদিকে ব্যবহারকারীর আস্থা ধরে রাখা, অন্যদিকে প্রযুক্তিগত সক্ষমতা ও সেবার মান বাড়ানো। রংপুর থেকে শুরু হওয়া এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা বড় পরিসরে পৌঁছাতে পারে, তা নির্ভর করবে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব সেবার সামঞ্জস্য কতটা বজায় থাকে তার ওপর।