২০২৫ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই অনলাইন প্ল্যাটফর্ম। এর নেতৃত্বে রয়েছেন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিদম মুন্সী। তাঁর ভাবনা, ইন্টারনেটের সহজলভ্যতা আর কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের কাছে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসহায়তা পৌঁছে দেওয়া। এমন একটি জায়গা তৈরি করা, যেখানে কেউ সংকোচ ছাড়াই নিজের অনুভূতির কথা বলতে পারবেন, নিজের মনের অবস্থা বুঝতে পারবেন এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তার পথ খুঁজে পাবেন।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্যোগ
মন তরঙ্গের পেছনে রয়েছে ব্যক্তিগত বেদনারও গল্প। কাছের এক বন্ধুকে হারানোর অভিজ্ঞতা রিদমকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই ঘটনা তাঁকে উপলব্ধি করায়, একজন মানুষ বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও ভেতরে ভেতরে কতটা কঠিন সময় পার করতে পারেন, তা অনেক সময় আশপাশের মানুষ বুঝতেই পারেন না। অথচ একটু মনোযোগ দিয়ে শোনা কিংবা নিজের কষ্ট প্রকাশের সুযোগ পাওয়া অনেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সেখান থেকেই তাঁর ভাবনায় আসে, প্রযুক্তিকে কি মানুষের মনের যত্ন নেওয়ার কাজে লাগানো যায় না? ইন্টারনেট যেমন দূরত্ব কমিয়েছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সঙ্গে কথোপকথনের নতুন সুযোগ তৈরি করেছে। এই দুইয়ের সমন্বয়ে শুরু হয় মন তরঙ্গের পথচলা।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা এখনো নানা বাধার মুখে। বিশেষজ্ঞের স্বল্পতা, চিকিৎসার ব্যয়, ভৌগোলিক দূরত্ব এবং সামাজিক সংকোচের কারণে অনেকেই প্রয়োজনের সময় সহায়তা নিতে পারেন না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী কিংবা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের তরুণদের জন্য সমস্যাটি আরও প্রকট। এই বাস্তবতায় অনলাইনভিত্তিক প্রাথমিক সহায়তার সুযোগ তৈরি করতে চায় প্ল্যাটফর্মটি।
এক ক্লিকেই মনের যত্নের নানা সুযোগ
মন তরঙ্গে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। পড়াশোনার চাপ, পরীক্ষাভীতি, একাকিত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মতো বিষয় নিয়ে কথোপকথনের মাধ্যমে নিজের চিন্তাগুলো গুছিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি মুড ট্র্যাকিং, আত্মযত্নের অনুশীলন এবং মানসিক অবস্থার প্রাথমিক স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। PHQ-9 ও GAD-7-এর মতো প্রশ্নমালার মাধ্যমে বিষণ্নতা ও উদ্বেগের লক্ষণ সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া যায়।
শুধু নিজের সঙ্গে নিজের বোঝাপড়া নয়, প্রয়োজনে পেশাদার মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্ল্যাটফর্মটির মৌলিক সেবাগুলো বিনা মূল্যে ব্যবহার করা যায়। তবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে নির্ধারিত ফি দিতে হয়।
এর আরেকটি দিক হলো, ব্যবহারকারীরা পরিচয় গোপন রেখে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পান। যাঁরা অন্যের সামনে মনের কথা বলতে সংকোচ বোধ করেন, তাঁদের জন্য এটি প্রাথমিকভাবে কথা শুরু করার একটি মাধ্যম হতে পারে। আবার গভীর রাতে যখন পাশে কথা বলার মতো কেউ থাকেন না, তখনও অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করা সম্ভব।
প্রযুক্তি আছে, তবে মানুষের বিকল্প নয়
তবে মন তরঙ্গের উদ্যোক্তারাও মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের অনুভূতির পূর্ণ গভীরতা বুঝতে পারে না। এআই ভাষার ধরন বিশ্লেষণ করে মানসিক চাপের কিছু ইঙ্গিত শনাক্ত করতে পারে, কিন্তু মানুষের মতো অনুভব করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে ভুল পরামর্শ দেওয়ার ঝুঁকিও থাকে। তাই এটিকে চিকিৎসক বা মনোবিজ্ঞানীর বিকল্প হিসেবে নয়, বরং প্রাথমিক সহায়তা ও আত্মযত্নের একটি মাধ্যম হিসেবে দেখছেন তাঁরা।
মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হলে, পড়াশোনা বা দৈনন্দিন কাজ ব্যাহত হলে কিংবা ঘুম ও খাওয়ার অভ্যাসে বড় পরিবর্তন এলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি। নিজের ক্ষতি করার চিন্তা দেখা দিলে দ্রুত বিশ্বস্ত মানুষ ও উপযুক্ত জরুরি সেবার সহায়তা নেওয়ার প্রয়োজন রয়েছে। মন তরঙ্গের লক্ষ্যও ব্যবহারকারীকে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের কাছে পৌঁছাতে উৎসাহিত করা।
এই উদ্যোগের পথে চ্যালেঞ্জও কম ছিল না। ছাত্রাবস্থায় পড়াশোনার পাশাপাশি সীমিত সম্পদ নিয়ে একটি সংবেদনশীল বিষয়ে নিরাপদ ডিজিটাল সেবা গড়ে তোলা সহজ কাজ নয়। এআইয়ের উত্তরের যথার্থতা, ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা, জরুরি পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন—সবকিছু নিয়েই ভাবতে হয়েছে উদ্যোক্তাদের। প্রযুক্তির পাশাপাশি দায়িত্বশীল ব্যবস্থাপনা ও দক্ষ দল গড়ে তোলাও ছিল বড় চ্যালেঞ্জ।
অনলাইন উদ্যোগ থেকে ক্যাম্পাসের আঙিনায়
মন তরঙ্গের কার্যক্রম এখন আর শুধু ওয়েবসাইটে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ৩৭টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্লাব এবং ৫৫০-এর বেশি সক্রিয় শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনে বিশেষজ্ঞ সহায়তা নিতে উৎসাহিত করার কাজ করছেন।
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি ইতিমধ্যে ১০ হাজারের বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। তবে শুধু ব্যবহারকারীর সংখ্যা দিয়ে সাফল্য বিচার করতে চান না রিদম। তাঁর মতে, প্রকৃত সাফল্য হলো—কেউ যেন নিজের সমস্যাকে গুরুত্ব দিতে শেখেন, প্রয়োজনের সময় সহায়তা চান এবং একা বোধ না করেন।
সামনে মন তরঙ্গের পরিকল্পনা আরও বিস্তৃত। বাংলা ভাষায় এআইয়ের কথোপকথন উন্নত করা, ব্যবহারকারীর সম্মতি ও গোপনীয়তা বজায় রেখে সেবার কার্যকারিতা মূল্যায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম বাড়ানো এবং মনোবিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চান তাঁরা।
দিন শেষে প্রযুক্তি হয়তো মানুষের চোখের জল মুছতে পারে না, কারও কাঁধে হাত রেখে সান্ত্বনাও দিতে পারে না। কিন্তু নিজের মনের কথা বলার একটি দরজা খুলে দিতে পারে। সেই দরজা দিয়ে কেউ যদি নিজের কষ্ট চিনতে শেখেন, প্রয়োজনের সময় সাহায্য চান কিংবা নতুন করে বাঁচার সাহস খুঁজে পান, তাহলেই উদ্যোগটির সার্থকতা। মন তরঙ্গের তরুণেরা সেই সম্ভাবনাটুকুই তৈরি করতে চান—যেখানে মনের অদৃশ্য ঢেউগুলো আর একা একা আছড়ে পড়বে না, কেউ অন্তত সেগুলো শোনার চেষ্টা করবে।