শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মার্কিন-চীনা প্রযুক্তি থেকে মুখ ফেরাচ্ছে ইউরোপ

তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মার্কিন-চীনা প্রযুক্তি থেকে মুখ ফেরাচ্ছে ইউরোপ

সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোন হাতে নেওয়া, ই-মেইল দেখা, অনলাইনে কেনাকাটা কিংবা অফিসের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ—প্রতিদিনের এসব কাজে অজান্তেই ব্যক্তিগত তথ্য জমা হচ্ছে নানা প্রযুক্তিপ্রতিষ্ঠানের সার্ভারে। কিন্তু সেই তথ্যের নিরাপত্তা কতটা নিশ্চিত? কারা সেগুলো দেখতে পারে, কোথায় সেগুলো সংরক্ষিত থাকে, আর প্রয়োজনে কোন দেশের কর্তৃপক্ষ সেসব তথ্য চেয়ে বসতে পারে? ইউরোপের নাগরিকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিষয়টি কেবল ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা এবং প্রযুক্তির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা।

২০২৬ সালের মার্চে পলিটিকোর এক জরিপে উঠে এসেছে সেই অনাস্থার চিত্র। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জনের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ উত্তরদাতা ব্যক্তিগত তথ্যের দায়িত্বশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন না। চীনা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অনাস্থার হার আরও বেশি—৯৩ শতাংশ। বিপরীতে ইউরোপের নিজস্ব প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রয়েছে ৫১ শতাংশ মানুষের।

দেশভেদে এই অবিশ্বাসের মাত্রাও ভিন্ন। জার্মানিতে ৯১ শতাংশ মানুষ মার্কিন এবং ৯৮ শতাংশ মানুষ চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন না। অন্যদিকে পোল্যান্ডে তুলনামূলকভাবে মার্কিন প্রতিষ্ঠানের প্রতি আস্থা বেশি—৩৮ শতাংশ। চীনা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হার ২০ শতাংশ। ইউরোপীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি সবচেয়ে বেশি আস্থা বেলজিয়ামে; দেশটির ৫৯ শতাংশ উত্তরদাতা তাদের বিশ্বাস করেন।

আস্থার সংকটের পেছনে কী?

ইউরোপের উদ্বেগের বড় একটি জায়গা হলো তথ্যের ওপর বিদেশি রাষ্ট্রের সম্ভাব্য কর্তৃত্ব। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) অনুযায়ী, ইউরোপীয় নাগরিকদের তথ্য প্রক্রিয়াকরণকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর গোপনীয়তা ও তথ্য সুরক্ষার নিয়ম মানতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব নিরাপত্তা আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চাইতে পারে। ফলে ইউরোপের নাগরিকদের তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে থাকলে তা কোন আইনি ব্যবস্থার আওতায় পড়বে, সেই প্রশ্নও সামনে আসছে।

এ অনিশ্চয়তা শুধু সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে না; ইউরোপের নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকেও ভাবিয়ে তুলছে। প্রযুক্তির ওপর নির্ভরতা যে ভবিষ্যতে রাজনৈতিক বা কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হতে পারে, সেই আশঙ্কাও ক্রমে গুরুত্ব পাচ্ছে।

আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ রেসিডেন্ট ফেলো মার্ক স্কটের পর্যবেক্ষণ, ডিজিটাল নীতিনির্ধারণ ও পারস্পরিক আস্থার প্রশ্নে ব্রাসেলস এবং ওয়াশিংটনের দূরত্ব বাড়ছে। মুক্ত বাণিজ্য, ন্যাটো কিংবা বাক্‌স্বাধীনতার মতো মৌলিক বিষয়েও দুই পক্ষের মতপার্থক্য স্পষ্ট হচ্ছে।

নিজেদের প্রযুক্তি গড়ার পথে ইউরোপ

এই পরিস্থিতিতে ইউরোপের লক্ষ্য এখন শুধু বিদেশি প্রযুক্তির ব্যবহার কমানো নয়; নিজেদের সক্ষমতা বাড়ানোও। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ৩ জুন ইউরোপীয় কমিশন ঘোষণা করে ‘ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজ’। উন্নত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড অবকাঠামো এবং ওপেন সোর্স প্রযুক্তিতে ইউরোপের সক্ষমতা বাড়ানো এই উদ্যোগের মূল লক্ষ্য।

ভন ডার লেনের বক্তব্যের সারকথা স্পষ্ট—হাসপাতাল সচল রাখা, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখা কিংবা গুরুত্বপূর্ণ সেবা নিরাপদ রাখার প্রযুক্তির জন্য ইউরোপ অন্যদের ওপর নির্ভরশীল থাকতে পারে না।

তবে চাইলেই এই নির্ভরতা রাতারাতি কাটানো সম্ভব নয়। ইউরোপের সরকারি নথি, স্বাস্থ্যসেবা ও করসংক্রান্ত তথ্যের বড় অংশ এখনো মাইক্রোসফট বা অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের সার্ভারে সংরক্ষিত। অর্থাৎ বিদেশি প্রযুক্তি থেকে সরে আসার কথা বললেও বাস্তবে তাদের ওপর নির্ভরতা এখনো গভীর।

তারপরও পরিবর্তনের চেষ্টা শুরু হয়েছে। অস্ট্রিয়ার সামরিক বাহিনী মাইক্রোসফটের সেবা বাদ দিয়ে ইউরোপীয় ওপেন সোর্স প্রযুক্তির দিকে ঝুঁকেছে। ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষও দেশটির স্কুলগুলোতে গুগলের ল্যাপটপ ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞামূলক নির্দেশনা দিয়েছে।

সব মিলিয়ে ইউরোপের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ—একদিকে নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখা, অন্যদিকে প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে না পড়া। যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর অনাস্থা সেই পরিবর্তনের গতি বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন এখন একটাই—ডিজিটাল দুনিয়ায় এত দিন অন্যের তৈরি ব্যবস্থার ওপর ভর করে চলা ইউরোপ কি এবার সত্যিই নিজের প্রযুক্তিগত ভবিষ্যৎ নিজের হাতে নিতে পারবে?

ফটো গ্যালারি

১ / 1

তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মার্কিন-চীনা প্রযুক্তি থেকে মুখ ফেরাচ্ছে ইউরোপ

আরও

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

প্রযুক্তি

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

অনলাইনে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা হারালে তা ফেরত পাওয়ার জন্য এখন থেকে ঘরে বসেই আবেদন করা যাবে। এ জন্য নতুন একটি অন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৪

প

প্রযুক্তি

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও শোবার ঘরে জায়গা করে নিচ্ছে মস্তিষ্কের সংকেত পড়া এয়ারবাড: বদলে যেতে পারে জীবন ও চিন্তা

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এবার বাজারে এল মস্তিষ্কের সংকেত বা সিগনাল মেপে দেখার বিশেষ এয়ারবাড। বিজ্ঞানের কল্পকাহিনির মতো শ...

২০২৬-০৮-৩১ ১৩:১৮