বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

এক সপ্তাহে প্রযুক্তির এত বিপর্যয়, যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা কি তবে নড়বড়ে?

এক সপ্তাহে প্রযুক্তির এত বিপর্যয়, যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা কি তবে নড়বড়ে?

 

বিশ্বজুড়ে নির্ভরতার নাম প্রযুক্তি। অফিসের ই-মেইল, ব্যাংকের লেনদেন, উড়োজাহাজের উড্ডয়ন কিংবা রাষ্ট্রের গোপন যোগাযোগ—সবকিছুর পেছনেই এখন জটিল ডিজিটাল অবকাঠামো। অথচ মাত্র কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেখা দিল প্রযুক্তিগত বিপর্যয়। প্রশ্ন উঠল, সবকিছুর পেছনে কি কোনো অদৃশ্য সাইবার হামলা, নাকি আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেদের ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ছে?

একটি প্রতিষ্ঠানের সার্ভারে সমস্যা হলে কিছু ব্যবহারকারী বিপাকে পড়েন—এমন ঘটনা নতুন নয়। কিন্তু একই সপ্তাহে যখন মাইক্রোসফট, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা, বড় ব্যাংক, অ্যাপল এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার ব্যবস্থাতেও বিঘ্ন ঘটে, তখন উদ্বেগ ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। ১২ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রযুক্তিনির্ভর বিশ্বের এক অস্বস্তিকর বাস্তবতা সামনে এনেছে।
 

ই-মেইল থেকে বিমান চলাচল

ঘটনার শুরু ১২ নভেম্বর। মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায় দেখা দেয় বড় ধরনের বিভ্রাট। আউটলুক, টিমসসহ গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকেরা। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অনেক ব্যবহারকারী স্বাভাবিকভাবে এসব সেবা ব্যবহার করতে পারেননি।

মাইক্রোসফটের ব্যাখ্যা অনুযায়ী, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজের সময় পুরোনো একটি কারিগরি ত্রুটি সামনে আসে। কিছু সার্ভার কাজ করতে ব্যর্থ হওয়ায় অন্য সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। একপর্যায়ে সেগুলোও ঠিকমতো সাড়া দিতে পারেনি। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটি জানায়, সমস্যার শিকড় ছিল জুলাইয়ের একটি নেটওয়ার্ক গেটওয়ে আপডেটে। অর্থাৎ ত্রুটিটি তৈরি হয়েছিল আরও আগে, কিন্তু বড় বিপর্যয় দেখা দেয় পরে।

পরদিন বিপত্তি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) টেলিযোগাযোগ নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। দেশটির স্থানীয় সময় বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়। এফএএর ব্যাখ্যায়, আরকানসাসের একটি স্থাপনায় নতুন রাউটার বসানোর সময় নেটওয়ার্কে অস্বাভাবিক তথ্যপ্রবাহ তৈরি হয়। এতে পুরোনো যন্ত্রপাতি অস্থিতিশীল হয়ে পড়ে। ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়। তবে সব বাতিলের জন্য এই বিভ্রাটকে দায়ী করা হয়নি।
 

ব্যাংক ও অ্যাপলেও স্বস্তি ছিল না

১৬ নভেম্বর বিপাকে পড়েন ব্যাংক গ্রাহকেরা। জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা ও ওয়েলস ফার্গোর গ্রাহকেরা অনলাইন সেবা ও লেনদেনে সমস্যার কথা জানান। চেজ জানায়, তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থার সফটওয়্যার ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব হয়েছে। সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিষ্ঠানটি জানায়। একই দিনে ইউনাইটেড এয়ারলাইনসের সেবাতেও বিঘ্ন ঘটে।

পরদিন ১৭ নভেম্বর তালিকায় যুক্ত হয় অ্যাপল ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা—এনএসএ। অ্যাপলের আইক্লাউড, অ্যাপ স্টোর ও অ্যাপল ওয়ালেটসহ কয়েকটি সেবায় ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেননি। প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে সমস্যা তৈরি হয়েছিল। অন্যদিকে এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণের সময় সাময়িক অচলাবস্থা দেখা দেয়। সংস্থাটি অবশ্য জানায়, তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল।
 

সাইবার হামলা, নাকি নিজেদের ভুল?

এতগুলো ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সমন্বিত সাইবার হামলার আশঙ্কা। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্যে তেমন কোনো যোগসূত্র পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কিংবা বিদেশি কোনো পক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ নেই। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনও রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্যাচের পর কিছু ব্যবস্থা ঠিকভাবে চালু না হওয়ার বিষয়টি সামনে এনেছেন।

তবে সব ঘটনা একই কারণে ঘটেনি। কোথাও সফটওয়্যারের ত্রুটি, কোথাও নেটওয়ার্কের সমস্যা, কোথাও যন্ত্রপাতি পরিবর্তনের সময় জটিলতা তৈরি হয়েছে। এর মধ্যে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর জানিয়েছে, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা হয়েছে। অর্থাৎ সব ঘটনাকে এক কাতারে ফেলার সুযোগ নেই।
 

বাংলাদেশের জন্যও সতর্কবার্তা

এই প্রযুক্তিগত দুর্বলতার প্রভাব বাংলাদেশের জন্যও অচেনা নয়। গত অক্টোবরে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় এক দশকের বেশি সময় ধরে থাকা গুরুতর ত্রুটির কথা প্রকাশ্যে আসে। বিশ্বের বিপুলসংখ্যক ওয়েবসাইট এই ভাষার ওপর নির্ভরশীল। ত্রুটিটি কাজে লাগিয়ে তথ্যভান্ডারে প্রবেশের ঝুঁকি থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বাংলাদেশেও বিজিডি ই-গভ সার্টের সতর্কবার্তার পর বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংক এবং ই-নামজারি সাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো একটি বিষয় পরিষ্কার করেছে—প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, তার ওপর নির্ভরতাও তত বাড়ছে। কিন্তু সেই নির্ভরতার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও বিকল্প ব্যবস্থা তৈরি না হলে ছোট একটি ত্রুটিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। প্রশ্ন তাই শুধু কে সাইবার হামলা চালাল, তা নয়; প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ ব্যবস্থা কি যথেষ্ট প্রস্তুত? ডিজিটাল বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি হয়তো অদৃশ্য কোনো হ্যাকার নয়, বরং নিজেদের ব্যবস্থার ভেতরে জমে থাকা অদেখা দুর্বলতা।

আরও

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১