শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

এআইয়ের দখলে কর্মক্ষেত্র, বদলে যাচ্ছে চাকরির সংজ্ঞা

এআইয়ের দখলে কর্মক্ষেত্র, বদলে যাচ্ছে চাকরির সংজ্ঞা

সকালে অফিসে ঢুকে আট ঘণ্টা কাজ, নির্দিষ্ট সময়ে হাজিরা, মাস শেষে বেতন—চাকরির এই চেনা ছবিতে দ্রুত পরিবর্তন আসছে। কর্মক্ষেত্রে একদিকে জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অন্যদিকে কর্মীদের কাছে চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠছে স্বাধীনতা। শুধু ভালো বেতন নয়, নিজের সময় ও ব্যক্তিজীবনকে গুরুত্ব দেওয়ার সুযোগও এখন চাকরি বেছে নেওয়ার বড় শর্ত।

বিশ্বের ৭৪ শতাংশ কর্মী এখন দৈনন্দিন কাজে এআই এজেন্ট ব্যবহার করছেন। নিয়োগদাতা প্রতিষ্ঠান অ্যাডেকোর বার্ষিক ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। বিশ্বের ৪০ হাজারের বেশি কর্মীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ২০২৫ সালে কর্মক্ষেত্রে এআই ব্যবহার করতেন ৬৪ শতাংশ কর্মী। মাত্র এক বছরের ব্যবধানে সেই হার বেড়ে হয়েছে ৭৪ শতাংশ। যুক্তরাজ্যে এ হার ৭২ শতাংশ।

প্রতিষ্ঠানগুলো প্রশাসনিক ও পুনরাবৃত্তিমূলক কাজ দ্রুত শেষ করতে এআইয়ের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। ফলে কর্মীদের কাজের ধরনও বদলাচ্ছে। তবে প্রযুক্তির এই পরিবর্তনের পাশাপাশি বদলেছে কর্মীদের প্রত্যাশা।

অ্যাডেকোর সাত বছরের জরিপে এবারই প্রথম চাকরি পরিবর্তনের কারণ হিসেবে বেতনের বিষয়টি নিচের দিকে নেমে গেছে। কর্মীরা বরং কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য, নমনীয় সময়সূচি এবং ঘরে বসে কাজের সুযোগকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

করোনার পর অনেক প্রতিষ্ঠান কর্মীদের আবার পুরোপুরি অফিসে ফেরাতে চাইছে। কিন্তু কর্মীদের বড় অংশের অনীহায় সেই উদ্যোগ সহজ হচ্ছে না। অ্যাডেকো গ্রুপের প্রধান নির্বাহী ডেনিস মাচুয়েল মনে করেন, সপ্তাহে পাঁচ দিন অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা অনেক প্রতিষ্ঠানের জন্যই কঠিন হয়ে উঠছে। যুক্তরাজ্যের ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাটওয়েস্টও গত অক্টোবরে তাদের রিমোট-ফার্স্ট নীতি বাতিল করে ১৩ হাজার কর্মীকে সপ্তাহে অন্তত দুই দিন অফিসে আসার নির্দেশ দিয়েছে।

এই পরিবর্তনে সবচেয়ে বেশি স্বতন্ত্র তরুণ প্রজন্ম। জেন-জি কর্মীরা পছন্দের পরিবেশ না পেলে দ্রুত চাকরি বদলাতে আগ্রহী। ছয় মাস কাজ করার পরই অনেকে নতুন সুযোগের খোঁজে নামছেন বলে জানিয়েছেন অ্যাডেকোর প্রধান নির্বাহী।

বাংলাদেশেও তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও সৃজনশীল খাতে তরুণদের মধ্যে স্বাধীনভাবে কাজ করার আগ্রহ বাড়ছে। এআই ব্যবহারের প্রবণতাও বাড়ছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে এখনো সপ্তাহে পাঁচ বা ছয় দিন অফিসে উপস্থিত থাকার নিয়ম চালু রয়েছে।

অন্যদিকে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও প্রতিষ্ঠানগুলো আবার স্থায়ী কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। অর্থাৎ চাকরির বাজারে পরিবর্তন আসছে দুই দিক থেকে—প্রযুক্তি কাজের ধরন বদলাচ্ছে, আর কর্মীরা বদলে দিচ্ছেন চাকরি সম্পর্কে পুরোনো ধারণা।

আরও

রংপুরের তরুণদের হাত ধরে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’

প্রযুক্তি

রংপুরের তরুণদের হাত ধরে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’

ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকের মতো বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমের দাপটে ইন্টারনেটজগৎ যখন বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নিয়ন...

২০২৬-১১-১৩ ০৯:২৬

বাংলা ভাষায় কথা বলবে এআই, বদলে যেতে পারে সরকারি সেবাও

প্রযুক্তি

বাংলা ভাষায় কথা বলবে এআই, বদলে যেতে পারে সরকারি সেবাও

নিজের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা, সরকারি সেবার তথ্য জানা কিংবা জটিল দাপ্তরিক নথি বুঝে নেওয়া—সবই হতে পারে আ...

২০২৬-১১-১৩ ০৮:৫৫

মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

প্রযুক্তি

প্রযুক্তিতে মানসিক স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। হাসিমুখের আড়ালে জমে থাকে উদ্বেগ, একাকিত্ব, হতাশা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্ত...

২০২৬-১১-১২ ১৯:২০

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭