এর আসল নাম ম্যানিকোউগান গহ্বর। আজকের এই বিস্ময়কর দৃশ্যের জন্ম অবশ্য কোনো শিল্পীর কল্পনায় নয়, ঘটেছিল মহাজাগতিক এক সংঘর্ষে। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২১ কোটি ৪০ লাখ বছর আগে প্রায় পাঁচ কিলোমিটার প্রশস্ত একটি বিশাল উল্কাপিণ্ড প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে এই অঞ্চলে।
আঘাতটি ছিল এতটাই শক্তিশালী যে ভূত্বক ভেঙে তৈরি হয় প্রায় ৭২ কিলোমিটার প্রশস্ত গহ্বর। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে যাওয়া ধ্বংসাবশেষের চিহ্ন সুদূর জাপান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়। সেই সংঘর্ষে সমুদ্রের বিপুল জলজ প্রাণী ও বাস্তুতন্ত্রও ধ্বংস হয়েছিল বলে বিজ্ঞানীদের অনুমান।
উল্কাপিণ্ডের আঘাতে ভূগর্ভের শিলাস্তর সরে গিয়ে গহ্বরের কেন্দ্রে উঠে আসে ৯৫২ মিটার উঁচু একটি পাহাড়। এর নাম মঁ-বাবেল। পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে প্রাচীন ও সংরক্ষিত উল্কাপাতের স্থানগুলোর একটি এই ম্যানিকোউগান গহ্বর।
কিন্তু আজ যে দৃশ্য দেখে একে চোখের সঙ্গে তুলনা করা হয়, সেটি উল্কাপাতের সময় তৈরি হয়নি। এর পেছনে রয়েছে মানুষের বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ। ১৯৬০-এর দশকে কানাডার বিদ্যুৎ সংস্থা হাইড্রো-কুইবেক সেখানে কয়েকটি বাঁধ নির্মাণ করে। নদীর পানি আটকে যেতে যেতে প্রায় নয় বছরে তৈরি হয় বিশাল জলাধার। একসময় সেই পানি কেন্দ্রীয় পাহাড়টিকে ঘিরে ফেলে বৃত্তাকার জলরাশির সৃষ্টি করে। ১৯৮৩ সালে মহাকাশচারীদের তোলা ছবিতে প্রথমবারের মতো এই অদ্ভুত আকৃতি স্পষ্টভাবে ধরা পড়ে।
প্রকৃতির তৈরি গহ্বর আর মানুষের নির্মিত বাঁধ—দুইয়ের মিলনে জন্ম নেয় পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী দৃশ্য।
এখন দুর্গম রুট ৩৮৯ ধরে সড়কভ্রমণে আসেন বহু পর্যটক। পথে সেন্ট লরেন্স নদীতে দেখা মিলতে পারে বিরল বেলুগা তিমির। তবে এই সৌন্দর্যের নিচে চাপা পড়ে আছে স্থানীয় আদিবাসী ইন্নু জনগোষ্ঠীর ইতিহাসও। বাঁধ নির্মাণের আগে অঞ্চলটি ছিল তাঁদের হাজার বছরের আবাস ও শিকারের পথ। জলাধার তৈরির ফলে সেই পথগুলো পানির নিচে হারিয়ে যায়।
আজ হ্রদের তীরে ইন্নুরাই পরিচালনা করছেন পরিবেশবান্ধব একটি লজ। বন থেকে সংগ্রহ করা ভেষজ উপাদানে খাবার পরিবেশনের পাশাপাশি পর্যটকদের শোনান তাঁদের হারিয়ে যাওয়া জীবন ও ঐতিহ্যের গল্প।
মহাকাশ থেকে যে দৃশ্যটি চোখের মতো লাগে, তার ভেতরে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস, প্রকৃতির বিপুল শক্তি এবং মানুষের উন্নয়নযাত্রার জটিল গল্প।