এ জন্য ইতিমধ্যে পেটেন্টের আবেদন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে একজন ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী রোমান্টিক কমেডি, রহস্য, অ্যাকশন কিংবা কল্পবিজ্ঞানের গল্পে নিজেকেই দেখতে পারবেন। এমনকি ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলকে সমর্থন করার দৃশ্যও তৈরি হতে পারে তাঁর ভার্চ্যুয়াল অবতারকে দিয়ে।
গুগলের পরিকল্পনায় ব্যক্তিগত তথ্য বিশ্লেষণই হবে পুরো ব্যবস্থার ভিত্তি। ব্যবহারকারীর বয়স, ব্যক্তিগত পরিচিতি, ভিডিও দেখার ইতিহাস, যন্ত্রের অবস্থান এবং ভাষার সেটিংসের মতো তথ্য কাজে লাগানো হবে। পাশাপাশি ছবি ও কণ্ঠস্বরের নমুনা থেকে তৈরি হবে একটি ভার্চ্যুয়াল অবতার। এআই দিয়ে নির্মিত ভিডিওতে সেই অবতারই অভিনয় করবে।
পেটেন্টের বিবরণ অনুযায়ী, ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিডিও তৈরির নির্দেশনা দেওয়া হবে। এই প্রযুক্তি চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট তৈরিতেও ব্যবহৃত হয়। ব্যক্তিগত পছন্দের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গেও মিলিয়ে তৈরি হতে পারে অনুষ্ঠানের বিষয়বস্তু। অপরাধ ও কমেডির মিশ্র গল্প, রোমান্টিক কমেডি, কল্পবিজ্ঞানের অভিযান কিংবা থ্রিলার—বিভিন্ন ঘরানার অনুষ্ঠান তৈরির সম্ভাবনা রয়েছে।
তবে এই পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক বিজ্ঞাপন। ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে ‘অ্যাড স্টিচার’ নামের প্রযুক্তির কথা উল্লেখ করেছে পেটেন্টে। এআই দিয়ে তৈরি ভিডিওর ধারাবাহিকতার মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন যুক্ত করবে এটি। অর্থাৎ দর্শকের পছন্দ বুঝে শুধু অনুষ্ঠান নয়, বিজ্ঞাপনও সাজানো হবে।
এ উদ্যোগের সঙ্গে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘ব্ল্যাক মিরর’-এর ‘জোয়ান ইজ অ্যাওফুল’ পর্বের মিল খুঁজে পাওয়া যায়। সেখানে এক নারীর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে টিভি সিরিজ তৈরি হতে দেখা যায়।
তবে পেটেন্টের আবেদন মানেই যে গুগল শিগগিরই সেবাটি চালু করছে, তা নয়। পরিকল্পনাটি বাস্তব পণ্যে রূপ নেবে কি না, সে বিষয়ে নিশ্চিত ঘোষণা নেই। ব্যক্তিগত তথ্যের ব্যবহার, গোপনীয়তা এবং এআই দিয়ে তৈরি অবতারের নিয়ন্ত্রণ—এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে সেসব প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
একসময় মানুষ টেলিভিশনে তারকাদের জীবন দেখত। গুগলের এই পরিকল্পনা সফল হলে টেলিভিশনের পর্দায় দর্শক নিজেই হয়ে উঠতে পারেন নিজের গল্পের নায়ক।