রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

ফুটবল মাঠে দাপট ধরে রেখেছে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালের ভেন্যু নিউজার্সি স্টেডিয়ামে তারা সুইডেনকে ৩-০ গোলে হারাল। চলতি আসরে দ্বিতীয়বার জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকা লিওনেল মেসির পাশে বসলেন তিনি। তার সঙ্গে মাইকেল অলিসের দুরন্ত পারফরম্যান্সে শেষ ষোলোতে পৌঁছে গেল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে মনে হচ্ছিল সুইডেনের বিপক্ষে ফ্রান্স হয়তো বিরতিতে যাওয়ার আগে গোল করতে পারবে না। অফসাইডের কারণে এমবাপের গোল বাতিল হওয়ার পর দুইবার গোলপোস্টে আঘাত। আর কয়েকটি শট গোলবারের পাশ দিয়ে গেছে কয়েকবার। 

ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণের পরও গোল না হওয়ার হতাশা শেষ পর্যন্ত কেটে যায়। একাধিক সুযোগ নষ্ট করার পর ৪৫ মিনিটে এমবাপে গোলমুখ খোলেন। বক্সের বাম প্রান্তে বল পেয়ে চমৎকার পায়ের কাজে তার মার্কারকে পরাস্ত করেন, তারপর বেশ কাছ থেকে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। তারপরই দৌড়ে যান মা হারিয়ে কঠিন সময় পার করা কোচ দিদিয়ের দেশমকে সান্ত্বনা দিতে। প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে যায়। সুইডেন কয়েকটি সুযোগ পেলেও ফরাসি গোলকিপার মাইক মাইগনানের সত্যিকারের পরীক্ষা নিতে পারেনি।

১৭ মিনিটে এমবাপে প্রথম আক্রমণে যান। তার দুর্বল শট সহজেই সুইডিশ কিপার হাতে নেন। তিন মিনিট পর বারকোলার শক্তিশালী শট গোলবারের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে অলিসের বাড়ানো বলে মাঝমাঠ থেকে দৌড়ে জালে বল ঠেলে দেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

হাইড্রেশন ব্রেকের পর ফিরে রাবিওর একটি প্রচেষ্টা রুখে দেন সুইডেন কিপার জেটারস্ট্রম। ৩৩ মিনিটে অলিসের পাস থেকে দূরের পোস্টে দাঁড়ানো এমবাপের দারুণ একটি শট গোলপোস্টে আঘাত করে। পরের মিনিটে রাবিও আবার বল গোলবারের ওপর দিয়ে মারেন। 

৩৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে চোখ ধাঁধানো এক গোলের খুব কাছে ছিলেন। কিন্তু তার ওভারহেড কিক গোলপোস্টে লাগে। ফিরতি বলে শট নিতে পারেননি উসমান দেম্বেলে। বিরতির দুই মিনিট আগে অলিসের একটি শট গোলবারের পাশ দিয়ে যায়। তারপরই হতাশা দূর করা এক গোল করেন এমবাপে। এটি ছিল বিশ্বকাপে তার ১৭তম এবং এই আসরে পঞ্চম গোল করে নরওয়ের আর্লিং হালান্ডের পাশে বসেন।

বিরতির পরও মাঠে ফিরে আক্রমণ অব্যাহত রাখে ফ্রান্স। ৫৩ মিনিটে বারকোলা গোলদাতার খাতায় নাম লিখেন। এবারও গোল বানিয়ে দেন অলিস। তারই অ্যাসিস্টে ৭৪ মিনিটে এমবাপে নিজের জোড়া গোলের দেখা পান। প্রথম গোলের মতো এবারও বক্সের একই প্রান্ত থেকে জালে বল আছড়ে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা। এমবাপে তার ১৮তম গোলের দেখা পান, সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতা মেসির (১৯) চেয়ে এক গোল পেছনে তিনি।

এমবাপের দ্বিতীয় গোলের আগে তাকে ও অলিসকে রুখে দিয়েছিলেন জেটারস্ট্রম। দুজনই ৮৬ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন। পুরো ম্যাচে ফ্রান্স ২৫টি শট নিয়েছে, বিপরীতে সুইডিশদের শট ছিল ৮টি। ১২টি শট টার্গেটে রেখেছিল ফরাসিরা, ৯টি সেভে ব্যবধান আরও বাড়তে দেননি সুইডেন কিপার।

শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ের। ১৯৯৮ সালে প্রথম শিরোপা জয়ের পথে ফরাসিরা শেষ ষোলোতে এই দক্ষিণ আমেরিকানদের ১-০ গোলে হারিয়েছিল। আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। ফ্রান্স যেভাবে খেলছে, তাতে করে প্যারাগুয়ের সামনে কঠিন সময় অপেক্ষা করছে।

আরও

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

খেলাধুলা

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

গত ৯ মে বেতনের সুযোগসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়ে বিসিবিকে ইমেইল করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিন।...

২০২৬-১০-২৬ ১৩:১২

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩