প্রস্তাবিত ১২টি মাঠের মধ্যে সাতটিতে দর্শকদের বসার জন্য গ্যালারি থাকবে। চারটিতে থাকবে শৌচাগার সুবিধা। বাকি একটি মাঠে শুধু খেলার ব্যবস্থা রাখা হবে।
গ্যালারিসহ সাতটি মাঠ নির্মাণের প্রস্তাব করা হয়েছে মিরপুরের সেকশন-১২-এর লাল মাঠ, বাড্ডার খেলার মাঠ, পলাশিয়ার খেলার মাঠ, বারিধারা পার্ক, বনানীর ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক ও রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠে।
এ ছাড়া বড়বেরাইদ, গোবিন্দপুর ও দক্ষিণখানের দুটি এলাকায় চারটি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব মাঠে থাকবে শৌচাগার। অন্যদিকে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের জহুরুল হক খেলার মাঠে শুধু খেলার জায়গা তৈরির প্রস্তাব করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর নির্মাণকাজের প্রক্রিয়া শুরু হবে। মাঠগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে অন্য ওয়ার্ডগুলোতেও ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এদিকে মিরপুরের কালশী উড়ালসড়কের নিচেও নিজস্ব অর্থায়নে একটি ফুটসাল মাঠ নির্মাণ করতে যাচ্ছে ডিএনসিসি। এ জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বলেন, সরকারি অর্থে নির্মিত মাঠে ধনী-দরিদ্র সবার খেলার সুযোগ নিশ্চিত করতে হবে। মাঠগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।