মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

হাসিনার দেশে ফেরার গুঞ্জন: দেশে-বিদেশে দণ্ডিত রাজনীতিকদের ভাগ্যে কী ঘটেছিল

হাসিনার দেশে ফেরার গুঞ্জন: দেশে-বিদেশে দণ্ডিত রাজনীতিকদের ভাগ্যে কী ঘটেছিল

ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশজুড়ে এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। মাসব্যাপী গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান; ওই অভ্যুত্থানে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী নিহত হন।

এরপর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। অন্যদিকে, অভ্যুত্থানের আগ পর্যন্ত টানা ১৫ বছরের শাসনামলে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে।

গত বছরের নভেম্বরে, জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

এসব কিছুর মধ্যেই তিনি বিদেশি সংবাদমাধ্যমের মাধ্যমে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা প্রচার করে আসছেন। সর্বশেষ তথ্যানুযায়ী, তিনি আগামী ১৬ ডিসেম্বর—বাংলাদেশের বিজয় দিবসে একটি রাষ্ট্রীয় বিমানে চড়ে দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে।

তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশের বিএনপি সরকার ধারাবাহিকভাবে বলে আসছে, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি থাকায় কেবল প্রত্যর্পণের মাধ্যমেই তিনি দেশে ফিরতে পারেন।

তবে কেবল হাসিনাই প্রথম কোনো দণ্ডিত নেতা নন যিনি দেশে ফেরা এবং সম্ভাব্য পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বিশ্বে একাধিক নেতার দণ্ডিত বা ফৌজদারি মামলার মুখোমুখি অবস্থায় দেশে ফেরার নজির রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাসিত নেতাদের কেউ কেউ দেশে ফিরে কারাবরণ করেছেন, কেউ আইনি অব্যাহতি পেয়ে রাজনীতিতে ফিরেছেন, আবার কেউ মৃত্যুর আগ পর্যন্ত বিদেশেই অবস্থান করেছেন।

বিশ্বের এমন কিছু আলোচিত দৃষ্টান্ত এবং বাংলাদেশে অতীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের ভাগ্যে কী ঘটেছিল, তা তুলে ধরেছে স্ট্রিম।

আন্তর্জাতিক নজির: নির্বাসিত নেতাদের ভিন্ন ভিন্ন পরিণতি
ম্যানুয়েল নোরিয়েগা, পানামা: সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা ২০১১ সালের ডিসেম্বরে ফ্রান্স থেকে প্রত্যর্পণের মাধ্যমে নিজ দেশে ফেরেন। শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে পানামায় অনুপস্থিতিতেই তার সাজা হয়ে থাকায়, দেশে ফেরার পর সাজা ভোগের জন্য তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়।

নওয়াজ শরিফ, পাকিস্তান: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হেঁটেছিলেন ভিন্ন পথে। দুর্নীতির দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালে কারাদণ্ড পাওয়ার পর, ২০২৩ সালের অক্টোবরে তিনি লন্ডন থেকে পাকিস্তানে ফেরেন। দেশে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়নি; বরং আইনি প্রতিকার চেয়ে আদালতে যাওয়ার সুযোগ দেওয়া হয়। পরবর্তী সময়ে পাকিস্তানের আদালত দুটি মামলারই সাজা বাতিল করলে সক্রিয় রাজনীতিতে ফেরার পথ প্রশস্ত হয় তার।

পারভেজ মোশাররফ, পাকিস্তান: পাকিস্তানের আরেক সাবেক শাসক পারভেজ মোশাররফের পরিণতি ছিল ভিন্ন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বরে অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি দুবাইয়েই অবস্থান করেন এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো পাকিস্তানে ফেরেননি।

আলবার্তো ফুজিমোরি, পেরু: সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি ফৌজদারি বিচারের মুখোমুখি হতে ২০০৭ সালে চিলি থেকে প্রত্যর্পণের মাধ্যমে পেরুতে ফেরেন। পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের একটি বড় মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

ভিন্ন ভিন্ন শাসনামলে বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর
শেখ হাসিনার শাসনামলসহ বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সামরিক কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০০৯ সালে ক্ষমতায় ফেরার পর হাসিনার দ্বিতীয় মেয়াদে, ২০১০ সালের ২৮ জানুয়ারি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে দণ্ডিত পাঁচ সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে ভূমিকার জন্য সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, এ কে এম মহিউদ্দিন আহমেদ এবং বজলুল হুদাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে তাদের আপিল খারিজ হওয়ার পর এই দণ্ড কার্যকর করা হয়।

হাসিনার তৃতীয় মেয়াদে, ২০২০ সালের এপ্রিলে শেখ মুজিবুর রহমানের আরেক দণ্ডিত খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। ঢাকায় গ্রেপ্তার হওয়ার আগে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতরা
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে দণ্ডিত ছয়জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ডও কার্যকর করেছে বাংলাদেশ।

২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা; ২০১৫ সালের ১১ এপ্রিল মোহাম্মদ কামারুজ্জামান; ২০১৫ সালের ২২ নভেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী; ২০১৬ সালের ১১ মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, নির্যাতন, নিপীড়নসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের দোষী সাব্যস্ত করেছিলেন। ২০০৯ সালে ক্ষমতায় আসা হাসিনার সরকারের আমলেই তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মামলাগুলোর আইনি প্রেক্ষাপট ছিল ভিন্ন ভিন্ন। এ ছাড়া বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানদণ্ড নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখেও পড়েছিল যুদ্ধাপরাধের এই বিচারগুলো। আন্তর্জাতিক আইন সব দেশে মৃত্যুদণ্ড পুরোপুরি নিষিদ্ধ না করলেও এর প্রয়োগের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপ করে।

বাংলাদেশে কখনো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি
কারা কর্তৃপক্ষ এবং দেশের ফাঁসি কার্যকরের ইতিহাস সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কখনো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে আদালত বিভিন্ন সময়ে নারীদের মৃত্যুদণ্ড দিয়েছেন, যার মধ্যে কয়েকটির সাজা পরবর্তী সময়ে আপিলে কমিয়ে আনা হয়েছে বা বাতিল করা হয়েছে।

২০১৫ সালে বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ঐশী রহমানকে শুরুতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে মানসিক স্বাস্থ্য এবং মামলার অন্যান্য পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কারা অধিদপ্তরের ডেপুটি জেলার রহিম মণ্ডল জানান, সারাদেশে প্রায় ১০০ জন নারী মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কনডেমড সেলে থাকলেও, স্বাধীনতার পর ৫৪ বছরে বাংলাদেশে কখনো কোনো নারীর ফাঁসি কার্যকর করা হয়নি। সূত্র: বাংলা স্ট্রিম

আরও

প্রশ্নের মুখে ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়

এক্সক্লুসিভ

প্রশ্নের মুখে ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়

কোনো আগাম ও বিস্তারিত তথ্য ছাড়াই সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর ঢাকা-রিয়াদ কূটনৈতিক যোগাযোগের বড় ধ...

২০২৬-১০-২৪ ১৬:০৫

মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থার সমীকরণ

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থার সমীকরণ

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান সামরিক সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকছে না। এটি বিশ্ব অর্...

২০২৬-১০-২২ ১৫:৪৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে হাসনাতের তোপ, কড়া জবাব স্নিগ্ধের

এক্সক্লুসিভ

প্রধানমন্ত্রীর বক্তব্যে হাসনাতের তোপ, কড়া জবাব স্নিগ্ধের

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে এক তীব্...

২০২৬-১০-২১ ১৫:৪৪

গেণ্ডারিয়ার যে ঘুণ্টিঘর বিতর্কে মন্ত্রিত্ব গেল ইশরাকের, কী চলছে এখন?

এক্সক্লুসিভ

গেণ্ডারিয়ার যে ঘুণ্টিঘর বিতর্কে মন্ত্রিত্ব গেল ইশরাকের, কী চলছে এখন?

পুরান ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে একটি রাজনৈতিক পদত্যাগের পর সেখানে চ...

২০২৬-১০-২০ ১৩:৫৭

দীর্ঘ ডিউটির চাপ, স্থায়ী সেবাকাঠামোয় ঘাটতি

এক্সক্লুসিভ

দীর্ঘ ডিউটির চাপ, স্থায়ী সেবাকাঠামোয় ঘাটতি

পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি উঠেছে বাহিনীর ভেতর থেকেই। সরকার হাসপাতাল আধুনিকায়নের আশ্বাস দিলেও...

২০২৬-১০-১৮ ১৩:৫৫

৬০৮ কোটি টাকার ড্রোন প্রকল্প: জনগণ কী জানে, কী জানে না

এক্সক্লুসিভ

৬০৮ কোটি টাকার ড্রোন প্রকল্প: জনগণ কী জানে, কী জানে না

দেশে সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনে চীনের প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশনের (সিইটিসি)...

২০২৬-১০-১৪ ২০:০৬