মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার ভবনে মনির শেখ ও তার সহযোগী কুদ্দুস কাজ করতে যান। তারা এক সঙ্গে সেপটিক ট্যাংকের ভেতরে ঢালাইয়ের সেন্টারিং খুলতে নামেন। এসময়
মনির ও কুদ্দুস অচেতন হয়ে পড়েন। হঠাৎ চিৎকার শুনে পাশের ভবন থেকে কয়েকজন শ্রমিক এগিয়ে এসে তাদেরকে অচেতন অবস্থায় ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন। কুদ্দুসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন না থাকায় শ্বাসরুদ্ধ হয়ে একজন মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে। অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে নেমে মনির শেখ অচেতন হয়ে মারা গেছেন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। উভয় পক্ষের সমঝোতায় মনির শেখের মরদেহ তার পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।