মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/১৬-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই রাতে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৯৭ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এদিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা সড়কের পাশ থেকে ১৩২ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।
অন্যদিকে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭১-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাবিলদার মো. সায়াদ হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানেও কাউকে আটক করা যায়নি।
এছাড়া মঙ্গলবার সকালে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বাজারপাড়ার একটি মেহগনি বাগানে অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে তৃতীয় লিঙ্গের ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।