শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের ঘটনা জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেন মাস্ক। তাঁর প্রতিষ্ঠানের একটি দল মনে করছে, এসব ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সঙ্গে সম্পর্কিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করেছে। এ ক্ষেত্রে তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ নেওয়া হয়েছিল, যা মূলত স্থল অভিযানের জন্য তৈরি। বিষয়টি সম্পর্কে মাস্ককে অবহিত করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন ব্যক্তি।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনেও ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো এমন কোনো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত নয়।
ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে দেশটিতে বিভিন্ন সময় সরকারবিরোধী বিক্ষোভ ও অস্থিরতার মধ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে স্টারলিংকের ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। গত জানুয়ারিতে ইরানজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্র সরকার গোপনে দেশটিতে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল।
এদিকে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।