মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
ব্রুকলিনের আদালতে আসিফ মার্চেন্টের বিরুদ্ধে ট্রাম্প কিংবা মার্কিন সরকারের অন্য কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করার অভিযোগ আনা হয়। আদালত তাঁকে ৩৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন, যা ২৭ বছর ছয় মাসের সমান।
আদালতে আসিফ দাবি করেন, তেহরানে তাঁর পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি এই পরিকল্পনায় জড়িয়েছিলেন। তাঁর ধারণা ছিল, কাউকে হত্যার আগেই তিনি গ্রেপ্তার হবেন। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ তাঁকে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
আসিফের বক্তব্য অনুযায়ী, পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানের এক যোগাযোগকারী সম্ভাব্য লক্ষ্য হিসেবে তিনজনের নাম উল্লেখ করেছিলেন। তাঁরা হলেন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
তবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, এই ষড়যন্ত্রের প্রধান লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, ট্রাম্পকে হত্যার চক্রান্ত সমন্বয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা ইরানের এক এজেন্টকে যথাযথ শাস্তি দেওয়া হয়েছে।
ব্ল্যাঞ্চ আরও বলেন, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে মার্কিন নেতাদের হত্যার পরিকল্পনা সহ্য করা হবে না এবং এ ধরনের অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে।
আসিফ মার্চেন্টকে ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতির সময় গ্রেপ্তার করা হয়। মার্কিন কর্মকর্তারা এর আগে তাঁর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা জানিয়েছিলেন এবং এই ষড়যন্ত্রকে ইরানের শাসকগোষ্ঠীর কৌশলের অংশ হিসেবে বর্ণনা করেছিলেন।