রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাঈদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য নিউ আরব'-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণা চলাকালে মুসলিম প্রার্থী ও তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক ইসলামবিদ্বেষী প্রচারণা চালানো সত্ত্বেও অন্তত সাতজন মুসলিম প্রার্থী কংগ্রেসে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে একজন সিনেটে এবং ছয়জন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন অঙ্গরাজ্যগুলোর স্থানীয় আইনসভাতেও জয়ী হয়েছেন।

মিশিগানের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে ইতিহাস গড়েন ৪২ বছর বয়সী চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবদুল আল-সাঈদ। স্বাস্থ্যসেবার সংস্কার, জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং রাজনীতিতে বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রচারণা চালিয়েছিলেন।

তিনি একই সঙ্গে ইসরায়েল ও মিশরে ওয়াশিংটনের সামরিক সহায়তার কড়া সমালোচনা করেন এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিরোধীদের তোলা অভিযোগও সরাসরি প্রত্যাখ্যান করেন।

এদিকে নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ডা. অ্যাডাম হামাওয়ি। মার্কিন সেনাবাহিনীর সাবেক এই শল্যচিকিৎসক রাজ্যটি থেকে নির্বাচিত প্রথম মুসলিম কংগ্রেস সদস্য। তিনি স্বেচ্ছাসেবী হিসেবে গাজায় ইসরায়েলি হামলায় আহত অসংখ্য ফিলিস্তিনি শিশুকে চিকিৎসা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন।

অন্যদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তলাইব মিশিগানের ১২তম আসন থেকে এবং সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাট ইলহান ওমর মিনেসোটার ৫ম আসন থেকে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। উভয় আইনপ্রণেতাই গাজায় ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

নিউইয়র্কের ১৩তম ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের জয়ী হয়ে কংগ্রেসে প্রথম লাতিনা মুসলিম নারী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। এ ছাড়া ইন্ডিয়ানার ৭ম আসন থেকে আন্দ্রে কারসন এবং ক্যালিফোর্নিয়ার ১২তম আসন থেকে লতিফা সাইমন প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন।

জাতীয় কংগ্রেসের পাশাপাশি অঙ্গরাজ্যগুলোর আইনসভাতেও মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত রয়েছে। নিউইয়র্কের ১২তম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত সংগঠক আবের কাওয়াস এবং মিশিগানের ২য় স্টেট সিনেট থেকে লেবানিজ বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আব্বাস আলাউই জয় পেয়েছেন।

ইলিনয়ের ২৬তম স্টেট সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী ডার্বি হিলসকে হারিয়ে আসনটি ডেমোক্র্যাটদের দখলে এনেছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ।

অন্যান্য বিজয়ীদের মধ্যে কলোরাডোতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইমান জোদেহ এবং জর্জিয়ায় রুয়া রোমান নিজ নিজ আসন ধরে রেখেছেন। টেক্সাসে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত দুই আইনপ্রণেতা সালমান ভোজানি ও সুলেমান লালানি।

পাশাপাশি ইলিনয় থেকে নির্বাচিত আরব-আমেরিকান রিপাবলিকান প্রার্থী ড্যারিন লাহুডও মার্কিন প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন।

সূত্র: দ্য বিজনেস স্টান্ডার্ড

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

আন্তর্জাতিক

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

ভালো শিক্ষা, চাকরি ও কম খরচে বাসস্থানের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন তরুণেরা। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্প...

২০২৬-১০-২৯ ১৪:০৮