মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, পুরোনো তারের পরিবর্তে উচ্চগতির ফাইবার কেব্ল স্থাপনের কাজ চলার সময় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ এবং রাডার সংকেতে সমস্যা দেখা দেয়। ঠিকাদারের ভুল কিংবা ত্রুটিপূর্ণ কোনো যন্ত্রাংশের কারণে আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার রাউটারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল বলে তাঁর ধারণা। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার প্রায় চার ঘণ্টা দেশজুড়ে উড্ডয়ন স্থগিত রাখা হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবারই প্রায় ১২ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। শনিবারের নির্ধারিত ৪১ হাজার ফ্লাইটের মধ্যে আরও চার থেকে পাঁচ হাজার বাতিল হওয়ার আশঙ্কা ছিল। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের হিসাবে, শনিবার সন্ধ্যা পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা ছয় হাজার ২০০ ছাড়িয়েছে।
উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্তে বিমানবন্দরগুলোতে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অনেক যাত্রীকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। টার্মিনালগুলোতে আটকে পড়েন অসংখ্য মানুষ। ফ্লাইটের নতুন সময় জানতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁদের। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অপেক্ষমাণ ৪৮ বছর বয়সী লিসা বেরেইডের ভাষায়, যাত্রীদের অভিজ্ঞতা ছিল ক্লান্তিকর, হতাশাজনক এবং পুরোপুরি এলোমেলো।
ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড। তাঁর আশা, রোববার দিনের শেষ নাগাদ ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক হয়ে আসবে। তবে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির কর্মকর্তা টিম জনসন সতর্ক করেছেন, পুনরায় টিকিট দেওয়া ও অন্যান্য সেবা স্বাভাবিক করতে গিয়ে আরও কিছু সময় বিঘ্ন ঘটতে পারে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল অবকাঠামোর দুর্বলতা নতুন করে সামনে এসেছে। পরিবহনমন্ত্রী শন ডাফি আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের তহবিল চেয়েছেন। কংগ্রেসের কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বানও জানিয়েছেন তিনি।
তবে এ দাবি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইলিনয়ের গভর্নর জে বি প্রিৎজকার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। অন্যদিকে, আইনপ্রণেতারা এ বিপর্যয়ের কারণ এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দ্বিতীয়বারের মতো দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন স্থগিতের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। সাময়িকভাবে আকাশপথ খুলে দেওয়া হলেও এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে, বিশ্বের অন্যতম উন্নত বিমান চলাচলব্যবস্থাও পুরোনো অবকাঠামোর একটি ত্রুটিতে কতটা অচল হয়ে পড়তে পারে।