বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পাঁচটি সূত্র। তাঁদের মধ্যে দুজন জানান, প্রায় এক মাস ধরে প্ল্যাটফর্মটির উন্নয়নকাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকেই ক্লাউড ওয়ানের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।
তবে হ্যাকাররা কারা, কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি রয়টার্স। মার্কিন বিমানবাহিনীও নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের বক্তব্য, দপ্তরের তথ্য, ব্যবস্থা ও সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
এক প্ল্যাটফর্মে সামরিক বাহিনীর বহু গুরুত্বপূর্ণ সেবা
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর বিভিন্ন প্রযুক্তিগত সেবা একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের সেবা একত্র করে তৈরি এই প্ল্যাটফর্মে কর্মীদের তথ্য, বেতন, সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণসহ বহু কার্যক্রম পরিচালিত হয়।
এখানে রয়েছে ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা, যার মাধ্যমে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষার রাডারসহ বিভিন্ন তথ্য সমন্বয় করা হয়। পাশাপাশি ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ ব্যবহার করে বিশ্বজুড়ে মার্কিন বিমানবাহিনীর দুই শতাধিক ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
থেমে গেছে উন্নয়নকাজও
অনুপ্রবেশের ঘটনা জানার পর ক্লাউড ওয়ানে দাপ্তরিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত করা হয়েছে। আগে থেকে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে গেছে। কিছু ব্যবহারকারীর প্রশাসনিক ক্ষমতাও বাতিল করা হয়েছে। ফলে নতুন সফটওয়্যার দুর্বলতা দেখা দিলেও প্রয়োজনীয় সংশোধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
একটি সূত্রের দাবি, হ্যাকাররা একটি সফটওয়্যার ত্রুটির সুযোগ নিয়ে প্ল্যাটফর্মের মূল নিয়ন্ত্রণ অংশে পৌঁছেছিলেন। তাত্ত্বিকভাবে এমন প্রবেশাধিকার ব্যবহার করে সামরিক বিমানের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের সরবরাহসংক্রান্ত তথ্য দেখা সম্ভব হতে পারে। তবে এই ঘটনায় তাঁরা বাস্তবে এমন কিছু করেছেন কি না, তা স্পষ্ট নয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে মার্কিন সামরিক বাহিনীর সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। এরপর দায়িত্ব নেয় লেইডোস।
এ ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন যুক্তরাষ্ট্র সরকার আরও কয়েকটি সাইবার নিরাপত্তা সংকট মোকাবিলা করছে। এফবিআই, পেন্টাগন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, গোয়েন্দা সংস্থা ও অর্থ বিভাগকে ঘিরেও সাম্প্রতিক সময়ে একাধিক সাইবার অনুপ্রবেশের ঘটনা প্রকাশ পেয়েছে।
একসময় ক্লাউড ওয়ানের কর্মকর্তারা দাবি করেছিলেন, প্ল্যাটফর্মে হ্যাকিংয়ের চেষ্টা সফলভাবে ঠেকানো হচ্ছে। এবার সেই নিরাপত্তাব্যবস্থার ভেতরেই অনুপ্রবেশের ঘটনা মার্কিন সামরিক প্রযুক্তির সুরক্ষা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।