সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা বিশ্লেষণের কাজে ব্যবহৃত একটি ব্যবস্থাকে লক্ষ্য করে এই অনুপ্রবেশ চালানো হয়। তবে কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কোনো অতিগোপনীয় তথ্য বা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়নি। ওডিএনআইয়ের এক কর্মকর্তা বলেছেন, সংস্থাটির গুরুত্বপূর্ণ সক্ষমতা কিংবা অতিগোপনীয় ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। সিআইএ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রাথমিক তদন্তে হামলার সম্ভাব্য উৎস হিসেবে চীনের নাম সামনে এসেছে। তবে এর সঙ্গে চীনা সরকারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে হামলার পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত ও বিশ্লেষণ চলছে।
অতিগোপনীয় নথি ক্ষতিগ্রস্ত না হলেও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণব্যবস্থায় অনুপ্রবেশকে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত ব্যবস্থায় প্রবেশ করতে পারলেও গোয়েন্দা সংস্থাগুলোর আগ্রহ, নজরদারির ক্ষেত্র ও বিশ্লেষণের অগ্রাধিকার সম্পর্কে ধারণা পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ ঘটনায় কী ধরনের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনুপ্রবেশকারীরা কতটা প্রবেশাধিকার পেয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে হামলার ব্যাপ্তি ও দায়ীদের পরিচয় সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।