বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৪৬১ শব্দের একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে যাঁদের বিরুদ্ধে প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন, তাঁদের উদ্দেশেই থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানান তিনি। পোস্টে উদারপন্থীদের কটাক্ষ করে বলেন, যুক্তরাষ্ট্রকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকে শুভেচ্ছা।
কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মুসলিম আইন চালু এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টনের চেষ্টা করার অভিযোগও তোলেন তিনি। একই পোস্টে দেশটিতে থাকা বিপুলসংখ্যক অভিবাসী ও সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার কিংবা অপরাধী হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প। তাঁর বক্তব্যের কয়েকটি অংশকে দীর্ঘদিন ধরে প্রচার করে আসা পুরোনো অভিযোগের পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে।
পোস্টের আরেকটি অংশে নিজের প্রশাসনের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য জালিয়াতির অভিযোগ তোলেন তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে দেশটির বাণিজ্য দপ্তরের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
থ্যাংকসগিভিং উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্রিডম’ ও ‘ফেদারস’ নামের ওয়েস্ট ভার্জিনিয়ার দুটি টার্কিকে প্রতীকী ক্ষমা প্রদর্শন করেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পাশে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন।
অন্যদিকে ছুটির দিনটি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে কাটাচ্ছিলেন প্রেসিডেন্ট। দিনের শেষ ভাগে মার-আ-লাগো এস্টেট থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলারও কথা ছিল তাঁর।
এদিকে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও তাদের হাতছাড়া হওয়ার কথা। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছুটির দিনের পোস্টে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য নতুন করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে সামনে এনেছে।