সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে উয়েফা নেশনস লিগের চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। তার এক সপ্তাহ আগে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন নতুন কোচ জিনেদিন জিদান।
ফুট মের্কাতোর প্রতিবেদনে বলা হয়েছে, রেনেসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড এস্তেবান লেপল। গত মৌসুমে ২১ গোল করে ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। চলতি মৌসুমেও তিন ম্যাচে করেছেন তিন গোল।
লেপলের জন্য ইউরোপিয়ান ফুটবল অবশ্য নতুন অভিজ্ঞতা। রেনেসের হয়ে এবারই প্রথম ইউরোপা লিগে খেলছেন তিনি। তবে ফরাসি লিগে তার দুর্দান্ত ফর্ম নজর কেড়েছে জিদানের।
প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী লেফট উইঙ্গার পাবলো পাগিসও। গত মৌসুমে লরিয়েঁর হয়ে ১০ গোল করার পাশাপাশি পাঁচটির বেশি অ্যাসিস্ট করেছেন তিনি। এই গ্রীষ্মে প্যারিস এফসিতে যোগ দিয়ে ইতোমধ্যে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন পাগিস।
নতুন মুখ হিসেবে আছেন ইসমাইলো গানিও। এক বছরেরও কম সময়ে ফরাসি লিগে নিজেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে তাকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
নতুনদের মধ্যে আরেকটি চমক হতে পারেন অ্যান্ডি দিওফ। মৌসুমের শুরু থেকেই ইন্টার মিলানের হয়ে দারুণ ছন্দে থাকা এই রাইট উইঙ্গারের সামনে এবার ফ্রান্সের সিনিয়র দলে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়, প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া এই চার তরুণের কেউ জিদানের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কি না। নতুন কোচের অধীনে তাদের কারও জাতীয় দলে অভিষেক হয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।