বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এবং নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কমিশনের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজনেও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই উপনির্বাচন সম্পন্ন করা হবে।
উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখার বিষয়েও পরবর্তী সময়ে আলোচনা হবে বলে জানান তিনি।
সিইসি বলেন, দুটি নির্বাচনের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে কোনো ধরনের সংঘাত বা জটিলতা তৈরি না হয়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।