মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের শফিকুর রহমান বলেছেন, আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসাথে কাজ করছি। সংসদের ভেতরে ও বাইরে এবং বিগত নির্বাচনে একসাথে লড়াই করেছি। আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।
তিনি বলেন, সরকারের দুটি অঙ্গ একটি সরকারি দল আরেকটি বিরোধীদল। এছাড়া দেশ চলতে পারে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য। সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু পাওনা, সেখানে আমরা বহুলাংশে বঞ্চিত হচ্ছি।
জামায়াত আমির বলেন, একটি দেশের ভিতরে যখনই বৈষম্যের সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। দেশ কখনো এগিয়ে যেতে পারবে না, যদি একটি স্থিতিশীল সমাজ গড়ে না ওঠে। এটি তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের।
তিনি আরও বলেন, সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। একটি দেশ ও জাতি এভাবে এগোতে পারে না।
আন্দোলন প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের দাবি ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। সরকার আমাদের রাজপথে ঠেলে দিয়েছে। বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এনসিপিকে ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের আমির।
এনসিপির কার্যালয়ে পৌঁছালে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংরক্ষিত এমপি ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা। এসময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান।