শুক্রবার নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক—SAWEN-এর প্রথম সাধারণ পরিষদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
মন্ত্রী বলেন, সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা ও অভিন্ন অঙ্গীকারের যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যৎ আঞ্চলিক উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও সমন্বিত অভিযান আরও জোরদারের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াতে হবে।
অনলাইনভিত্তিক বন্যপ্রাণী পাচার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক কর্মকাণ্ডের তদন্তেও অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ করেছে SAWEN-এর সদস্য দেশগুলো।
ঘোষণায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, শনাক্তকরণ ও দমনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দাভিত্তিক ও আর্থিক তদন্ত, অর্থপাচারবিরোধী ব্যবস্থা, সম্পদ পুনরুদ্ধার এবং কার্যকর বিচারিক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং ফৌজদারি বিচার সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়। বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে বন্যপ্রাণী অপরাধ, বায়োপাইরেসি ও জীবসম্পদে অবৈধ প্রবেশের মতো নতুন হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে।
রেঞ্জার, কাস্টমস কর্মকর্তা, পুলিশ ও প্রসিকিউটরসহ সম্মুখসারির কর্মীদের দক্ষতা ও নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতিও রয়েছে ঘোষণায়।
এ ছাড়া জনসচেতনতা, শিক্ষা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে অবৈধ বন্যপ্রাণী পণ্যের চাহিদা কমাতে স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, তরুণ, নারী, গণমাধ্যম ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে।
প্রতি বছর ৩০ জানুয়ারি ‘SAWEN Day’ হিসেবে পালনের ঘোষণাও দিয়েছে সদস্য দেশগুলো।