তবে রোসারিও তার শেষ গন্তব্য নয়। সামনে বুয়েনস এইরেস, জাতীয় দলের ক্যাম্প এবং এরপর সেই ম্যাচ—যার পর আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ১০ নম্বরকে।
আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে দুই দশকের বেশি সময়ের পথচলায় ইতি টানবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে তার বিদায়ী ম্যাচ হিসেবে নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
মেসি এবারের জাতীয় দলের স্কোয়াডে থাকলেও শনিবার বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে খেলবেন না। বেনিনের বিপক্ষে ম্যাচের জন্যই তাকে প্রস্তুত রাখা হয়েছে। কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেজর লিগ সকারে এই সপ্তাহে ম্যাচ না থাকায় যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় ফেরার সুযোগ পান মেসি। রাতের ফ্লাইটে পরিবারের সদস্যদের নিয়ে রওনা হয়ে শুক্রবার সকালে রোসারিওতে পৌঁছান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে বুয়েনস এইরেসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।
বিদায়ের আগে অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। টানা চার ম্যাচে গোল করেছেন তিনি। সর্বশেষ দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে।
বেনিনের বিপক্ষে তাই মেসিকে দেখা যাবে শুরু থেকেই। থাকবে অধিনায়কের আর্মব্যান্ড, গায়ে থাকবে সেই পরিচিত ১০ নম্বর জার্সি। ঐতিহাসিক ম্যাচ উপলক্ষে তার জন্য রাখা হয়েছে বিশেষ সংস্করণের জার্সিও, যা ম্যাচ শেষে নিজের সংগ্রহে রাখবেন মেসি।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আবেগ ছড়িয়ে পড়েছে তার পরিবারেও। আন্তোনেলা ও তিন সন্তানও থাকবেন তার পাশে। নিজের শহর রোসারিও থেকে জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই সময়টুকু তাই যোগ করেছে বিদায়ের গল্পে আরেকটি ব্যক্তিগত অধ্যায়।
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকায় রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, অসংখ্য গোল ও নানা রেকর্ড। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনার হয়ে বড় শিরোপার স্বাদও পেয়েছেন তিনি।
এবার সেই পথচলার শেষ ম্যাচ। বেনিনের বিপক্ষে মনুমেন্তালে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মেসির আন্তর্জাতিক ফুটবলের অধ্যায়।