আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম বলেন, ‘দেশব্যাপী স্কুলশিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে এসব উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন মন্ত্রী। একইসঙ্গে তিনি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদ হোসেন।