সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো শুনতে হলো বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ডিফেন্ডারকে।

দুই বছর আগের একটি বিতর্কিত ঘটনার রেশ যে এখনো শেষ হয়নি, সেটিই আবার সামনে এলো।

গত রবিবার (১৬ জুন) জার্মানির গেলজেনকির্শেনের ভেল্টিন্স অ্যারেনায় শালকের বিপক্ষে প্রাক্-মৌসুম ম্যাচে রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নামেন কুকুরেয়া। ৬১ মিনিটে আলভারো কারেরাসের বদলি নামেন ২৮ বছর বয়সী এই লেফট-ব্যাক। ম্যাচটি রিয়াল ৩-০ গোলে জেতে।

তবে কুকুরেয়া যখনই বল স্পর্শ করেছেন, গ্যালারির একাংশ থেকে ভেসে এসেছে দুয়োধ্বনি। জার্মান সমর্থকদের এই আচরণের কারণ দুই বছর আগের ইউরো চ্যাম্পিয়নশিপের একটি ঘটনা।

২০২৪ ইউরোয় জার্মানি-স্পেন কোয়ার্টার ফাইনালে নিজেদের বক্সে বলে হাত লেগেছিল কুকুরেয়ার। জামাল মুসিয়ালার শট তার হাতে লাগলেও সেদিন রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টি দেননি।

রেফারি জানিয়েছিলেন, কুকুরেয়ার হাত শরীরের স্বাভাবিক অবস্থানের কাছাকাছিই ছিল।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২-১ গোলে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন এবং পরে ইউরোয় চ্যাম্পিয়নও হয়। তবে সেদিন পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জার্মানিতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরে উয়েফাও স্বীকার করে, ওই ঘটনায় জার্মানিকে পেনাল্টি দেওয়া উচিত ছিল।

ঘটনাটি এতটাই আলোড়ন তুলেছিল যে, ম্যাচটি আবারো আয়োজনের দাবিতে একটি অনলাইন পিটিশনও করা হয়।

সেখানে সাড়ে ৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন।

এরপর জার্মানিতে কুকুরেয়াকে নিয়মিত দুয়ো শুনতে হয়েছে। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও নিরপেক্ষ দর্শকদের কাছ থেকে তিনি দুয়ো শুনেছিলেন। 

গত বছর মিউনিখে পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ফাইনালেও একই ঘটনা ঘটে। এমনকি গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চেলসির ম্যাচেও তাকে দুয়ো শুনতে হয়েছিল।

তবে রিয়ালের হয়ে অভিষেকের পর এসব নিয়ে ভাবতে চান না কুকুরেয়া। নিজের স্বপ্নের ক্লাবের জার্সিতে প্রথমবারের মতো খেলতে পেরে তিনি উচ্ছ্বসিত।

কুকুরেয়া বলেন, ‘আমি খুব খুশি। এর পেছনে অনেক পরিশ্রম রয়েছে। বছরের পর বছর আমি যে চেষ্টা করেছি, তার সবটাই সার্থক হয়েছে। আশা করি আমি শিরোপা জিততেই থাকব।’

এর আগে দুয়ো নিয়ে কুকুরেয়া বলেছিলেন, ‘আমি প্রথমবার বিষয়টি বুঝতে পারি, যখন ম্যাচের আগে আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং অনেক মানুষ শিস দিচ্ছিল। আমি বিষয়টি নিয়ে একটু ভাবলাম এবং পরে বুঝতে পারলাম, এটা হাতে বল লাগার সেই ঘটনার কারণে। আমি বিষয়টি নিয়ে খুব একটা ভাবিনি। তবে একই সঙ্গে কিছুটা খারাপও লেগেছিল যে, মানুষ শুধু একজন খেলোয়াড়কে দুয়ো দেওয়ার জন্য ম্যাচ দেখতে এসেছিল।’

রিয়ালে কুকুরেয়ার নাম লেখানো ছিল বড় চমক। বিশ্বকাপের মাঝপথে তাকে নিজেদের খেলোয়াড় ঘোষণা করে ইউরোপের সফলতম ক্লাবটি। চেলসি থেকে প্রায় ৬ কোটি ইউরোয় (প্রায় ৮৪৭ কোটি টাকা) তাকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোসরা। 

শৈশব থেকেই রিয়ালের হয়ে খেলার স্বপ্ন ছিল কুকুরেয়ার। তবে ক্লাবটির হয়ে প্রথম প্রথম ম্যাচেই পুরনো ক্ষোভের মুখে পড়তে হলো তাকে।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮