বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা থেকে নসিমনটি আটক করা হয়।
স্থানীয় লোকজন নসিমনটি আটকের পর প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন। পরে সারগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার মো. আলিমের দোকানে নেওয়ার জন্য সারগুলো নসিমনে করে পরিবহন করা হচ্ছিল। সূত্রের দাবি, নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে সারগুলো কেনা হয়েছিল।
তবে আলিম শেখ বলেন, ‘এলাকার কৃষকদের মধ্যে সার-সংকট থাকায় এবং তাঁর দোকানে সার না থাকায় ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলেন। পথেই নসিমনটি আটক করা হয়।’
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সারসহ নসিমনটি জব্দ করেছেন। সার পাচারের বিষয়টি তদন্তাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’###