কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি। ম্যাচটির আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুই দলের বদলির নিয়ম নিয়ে। আন্তর্জাতিক ফুটবলে সাধারণত বদলির সংখ্যা সীমিত থাকলেও এই ম্যাচে উভয় দল সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় বদল করতে পারবে বলে জানা গেছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে সর্বোচ্চ আটজন খেলোয়াড় বদলির বিষয়ে আলোচনা হয়েছিল। পরে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অনুরোধে বদলির সংখ্যা ১১ জন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন সাইকেলের জন্য দল গুছিয়ে নেওয়ার পথে থাকা ব্রাজিলের স্কোয়াডে থাকা নতুন খেলোয়াড়দের মাঠে পরখ করতে চান আনচেলত্তি। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি তার কাছে শুধু একটি প্রীতি ম্যাচ নয়, দলের বিভিন্ন খেলোয়াড়কে পর্যবেক্ষণেরও বড় সুযোগ।
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর ভারত রয়েছে ১৩৮তম স্থানে। তবে র্যাঙ্কিংয়ে বড় ব্যবধান থাকলেও ভারতকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। স্বাগতিক দলের প্রতি সম্মান দেখিয়ে ম্যাচটি গুরুত্বের সঙ্গেই নেওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ এই কোচ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া