ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার সাদা পোশাককেও বিদায় জানানোর অপেক্ষায় বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটিই হবে মুশফিকের বিদায়ী ম্যাচ। যে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক যাত্রা, সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে টেস্ট অধ্যায়।
মুশফিকের অভিষেকের পর থেকে বাংলাদেশ খেলেছে ১৩০টি টেস্ট। এর মধ্যে ১০৮টিতেই ছিলেন তিনি। সংখ্যাটি শুধু উপস্থিতির হিসাব নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বেড়ে ওঠার দীর্ঘ ইতিহাসের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের প্রতিচ্ছবি।
কঠিন সময়ের এক নির্ভরযোগ্য সৈনিক
মুশফিকের ক্যারিয়ারের প্রথম দশ বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য খুব একটা সুখকর ছিল না। ওই সময়ে ৫৬ ম্যাচ খেলে জয় এসেছিল মাত্র ছয়টিতে। সাদা পোশাকের ক্রিকেটে তখন আর্থিক সুযোগ-সুবিধা সীমিত, দর্শকদের আগ্রহও খুব বেশি ছিল না। এমন বাস্তবতায় অনেকের কাছেই টেস্ট ক্রিকেট ছিল দীর্ঘ অপেক্ষা আর হতাশার নাম। কিন্তু মুশফিক হাল ছাড়েননি। অধ্যবসায়, একাগ্রতা ও পরিশ্রম দিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন।
এরপর বদলাতে শুরু করে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প। অস্ট্রেলিয়াকে ঘরে ও বাইরে হারানো, নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়, পাকিস্তানকে ঘরে-বাইরে ধবলধোলাই কিংবা ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের স্মরণীয় জয়—অনেক বড় অর্জনের সাক্ষী হয়েছেন মুশফিক। পরের ১১ বছরে ৭৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৬টি টেস্ট।
রেকর্ডের পাতায় আলাদা একটি নাম
মুশফিকের অর্জনের ঝুলিতে রয়েছে এমন কিছু কীর্তি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেও বিরল। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করা আর কেউ নেই। শুধু উইকেটকিপার হিসেবেই নয়, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যানের যেখানে দুটি ডাবল সেঞ্চুরি নেই, সেখানে মুশফিকের একারই তিনটি।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ১৯১ রানের ম্যাচজয়ী ইনিংস কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ১৫৯ রানের লড়াকু ইনিংস তাঁর ক্যারিয়ারের উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি ও উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও তাঁর দখলে। সবচেয়ে বেশি টেস্ট খেলা এবং সবচেয়ে বেশি সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর।
শততম টেস্ট খেলাকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটে যে উৎসব তৈরি হয়েছিল, সেটিও ছিল মুশফিকের দীর্ঘ পথচলার বিশেষ স্বীকৃতি। মাঠে ব্যাট হাতে যেমন, মাঠের বাইরেও পেশাদারত্ব দিয়ে নিজেকে আলাদা করেছেন তিনি।
২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। এবার শেষ হতে যাচ্ছে টেস্ট অধ্যায়ও। তবে সতীর্থদের অনেকের মতো মাঠের বাইরে দাঁড়িয়ে নয়, নিজের শেষ টেস্টটি খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
একদিন নতুন ক্রিকেটার আসবেন, নতুন রেকর্ড হবে, হয়তো মুশফিকের অনেক কীর্তিও ছাড়িয়ে যাবেন কেউ। কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে যে মানুষটি নিজের নামকে প্রায় সমার্থক করে তুলেছেন, তাঁকে ভুলে যাওয়া সহজ হবে না। উইকেটের সামনে ব্যাট হাতে কিংবা পেছনে গ্লাভস হাতে—মুশফিকের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন।