২৫ নভেম্বর ফরচুনা অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান গড়ে দেন ভিয়ারিয়ালের কানাডিয়ান ফরোয়ার্ড তাজন বুকানন। আয়োসে পেরেজের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি। শেষ পর্যন্ত ওই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভিয়ারিয়ালের রেনাতো ভেইকাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। তবে ভিএআরের সহায়তা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। ফলে একজন কম নিয়ে খেলতে হয়নি স্প্যানিশ ক্লাবটিকে। ম্যাচের ৮২ মিনিটে স্লাভিয়ার পাওয়া পেনাল্টির সিদ্ধান্তও ভিএআরের পর বাতিল হয়।
এই হারে চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়ার জয়হীন ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর আগে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা ২৩ ম্যাচ জয়হীন থাকার রেকর্ড ছিল গ্রিসের এইকে এথেন্স ও রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের। স্লাভিয়া সেই রেকর্ড ছাড়িয়ে গেল।
প্রতিযোগিতাটিতে ক্লাবটির সর্বশেষ জয় ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর, স্টুয়া বুখারেস্টের বিপক্ষে। এরপর ২৪ ম্যাচে ১৬টি হার ও ৮টি ড্র নিয়ে কাটিয়েছে তারা। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এটাই তাদের একমাত্র জয়।
ভিয়ারিয়ালের বিপক্ষে পরাজয় তাই শুধু আরেকটি ম্যাচ হার নয়; প্রায় দুই দশকের ব্যর্থতার ধারাবাহিকতায় নতুন এক বিব্রতকর অধ্যায় যোগ করল চেক ক্লাবটির।