শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির ১০ নম্বরের অপেক্ষায় নিকো পাজ, কেন তাঁকে ঘিরে এত আশা

মেসির ১০ নম্বরের অপেক্ষায় নিকো পাজ, কেন তাঁকে ঘিরে এত আশা

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, এটি এক ইতিহাসের নাম। কয়েক দশক ধরে জার্সিটি বহন করেছে ফুটবলের কিংবদন্তিরা। সর্বশেষ সেটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। তাঁর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর সেই জার্সির পরবর্তী উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য নাম হিসেবে সামনে এসেছে নিকো পাজের। সাম্প্রতিক পারফরম্যান্সে সেই আলোচনায় আরও জোর দিয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ।

কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেছেন পাজ। আর্জেন্টিনার জার্সিতে শেষ পাঁচ ম্যাচে তাঁর গোল পাঁচটি, সঙ্গে একটি অ্যাসিস্ট। তবে তাঁকে ঘিরে প্রত্যাশার পেছনে শুধু গোলসংখ্যা নয়, আছে ক্লাব ফুটবলে ধারাবাহিক উন্নতি ও মাঠে তাঁর খেলার ধরন।

স্পেনের তেনেরিফেতে জন্ম পাজের। বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন। ছেলের ফুটবলের বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদে। ২০২২ সালের জানুয়ারিতে ক্লাবটির রিজার্ভ দল কাস্তিয়ায় অভিষেক হয় তাঁর। মূল দলে সুযোগ পেয়েছিলেন মোটে আট ম্যাচে। ২০২৪ সালের আগস্টে প্রায় ৬০ লাখ ইউরোতে ইতালির ক্লাব কোমোতে যোগ দেন তিনি।

কোমোতে পাজের বিকাশে বড় ভূমিকা রেখেছেন কোচ সেস্ক ফ্যাব্রেগাস। সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারের অধীনে নিজের খেলায় স্বাধীনতা পেয়েছেন আর্জেন্টাইন তরুণ। পাজের ভাষায়, ফ্যাব্রেগাস তাঁকে অনেক কিছু শিখিয়েছেন এবং শুরু থেকেই নিজের মতো খেলার সুযোগ দিয়েছেন। কোমোর হয়ে ৮৯ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মৌসুমে ১৪ ম্যাচেই গোল ছয়টি, অ্যাসিস্ট আটটি।

পাজের শক্তির জায়গা তাঁর প্রথম স্পর্শ, বাঁ পায়ের শট, দূরদৃষ্টি এবং প্রতিপক্ষের ভিড়েও বল ধরে রাখার ক্ষমতা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর পজিশনিং। সতীর্থ ও প্রতিপক্ষের অবস্থান বুঝে কোথায় জায়গা তৈরি করতে হবে, তা ভালো বোঝেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়কে নিজের দিকে টেনে এনে সতীর্থের জন্য ফাঁকা জায়গা তৈরি করতেও দক্ষ।

গত সেপ্টেম্বরে লাইপজিগের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেছিলেন পাজ। অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে অবদান রাখেন তিন গোলে। একটিতে নিজে গোল, আরেকটিতে থ্রু পাসে সতীর্থকে সুযোগ তৈরি করে দেওয়া, অন্যটিতে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তোলার আগেই গোল।

তবে মেসির সঙ্গে তুলনায় এখনই তাঁকে দাঁড় করানো কঠিন। ২১ বছর বয়সে বার্সেলোনার হয়ে মেসি লিগে ২৩ গোল ও ১১ অ্যাসিস্ট করেছিলেন। পাজের একই বয়সের মৌসুমে কোমোর হয়ে গোল-অ্যাসিস্ট মিলিয়ে অবদান ১৮টি। সুযোগ তৈরি ও ড্রিবলিংয়ের পরিসংখ্যানেও মেসি এগিয়ে ছিলেন। পাজের বাঁ পায়ের ওপর অতিনির্ভরতা ও বেশি শট নেওয়ার প্রবণতাও উন্নতির জায়গা হিসেবে দেখা হচ্ছে।

মেসির মতো হওয়া পাজের লক্ষ্য হওয়া উচিত নয়—নিজের সামর্থ্য অনুযায়ী আলাদা পরিচয় গড়াই তাঁর সামনে বড় কাজ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও তাঁকে নিয়ে আশাবাদী। তবে ১০ নম্বর জার্সি গায়ে উঠলে প্রত্যাশার চাপ যে অনেক বড় হবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পে...

২০২৬-১১-১৪ ২০:২৩

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

খেলাধুলা

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

ঢাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ...

২০২৬-১১-১৪ ১২:১০

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২