দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচে শুরুটা এমন হলেও আসল উত্তাপ ছড়িয়েছে মাঠের লড়াইয়ে। টসের পর দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচ শেষেও দেখা যায় একই দৃশ্য। ভারত-পাকিস্তান ক্রিকেটে ‘নো হ্যান্ডশেক’ সংস্কৃতি এবার বয়সভিত্তিক ও ‘এ’ দলের লড়াইয়েও ছড়িয়ে পড়েছে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে পাকিস্তান। প্রথম পাঁচ ওভারে তোলে ৫৮ রান, উদ্বোধনী জুটিতে আসে ৬৬। পরে ভারতীয় স্পিনাররা রানের গতি কমালেও ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ৩১৩ রান জমা করে পাকিস্তান ‘এ’ দল।
রান তোলার পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে কথার লড়াই। প্রথম ওভারেই শামিল হুসাইনের ব্যাটে চার ও ছক্কা হজম করেন হর্ষিত রানা। পরে বাউন্সার ও কথার লড়াইয়ে জবাব দেন ভারতীয় পেসার। শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে মাঠ ছাড়ার ইশারাও করেন রানা। মাজ সাদাকাতের সঙ্গেও তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে বল হাতে দিনটি ভালো কাটেনি রানার—১০ ওভারে ৭৭ রান দিয়ে নেন ২ উইকেট।
৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশীকে হারায় ভারত। চতুর্থ ওভারে ইমরান রানধাওয়ার বলে আউট হয়ে মাঠ ছাড়ার সময় পাকিস্তানি এক খেলোয়াড়ের সঙ্গে কথার লড়াইয়ে জড়ান তিনি। পরে ৪৫তম ওভারে রানধাওয়ারের ফুলটসে শূন্য রানে আউট হন হর্ষিত রানা। তখন ভারতের হার প্রায় নিশ্চিত। মাঠ ছাড়ার সময় তাঁর দিকে এগিয়ে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ভারতের হয়ে একাই লড়েছেন তিলক বর্মা। ১৪৯ বলে ১০০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তবে তাতে হার এড়ানো যায়নি। ৪৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান ‘এ’ দল। ভারতের সামনে অবশ্য সুযোগ রয়েছে—শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই শেষ চারে উঠতে পারে দলটি।