২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়ার কথা পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক। ৩৬টি খেলায় ৩৫৩টি পদক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা অলিম্পিক ইতিহাসে রেকর্ড। পদক তৈরির প্রস্তুতি নিয়ে আগ্রহের পাশাপাশি তাই পুরোনো প্রশ্নও সামনে এসেছে—সোনার পদকে প্রকৃত সোনার পরিমাণ কত?
শুরুতে সোনা ছিল না
আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসেছিল ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে। তখন চ্যাম্পিয়নদের দেওয়া হতো রুপার পদক, সঙ্গে জলপাইয়ের শাখা ও সনদ। দ্বিতীয় স্থান পাওয়া ক্রীড়াবিদ পেতেন ব্রোঞ্জের পদক ও লরেলের শাখা। তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য কোনো পদকের ব্যবস্থাই ছিল না।
১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস অলিম্পিকে প্রথমবারের মতো সোনার পদক দেওয়া হয়। তখনকার পদকটি ছিল পুরোপুরি সোনার তৈরি। ব্যাস ছিল ৩৭ দশমিক ৮ মিলিমিটার, ওজন ২১ গ্রাম। অর্থাৎ বর্তমান ভরির হিসাবে প্রায় ১ দশমিক ৮ ভরি সোনা ছিল একটি পদকে। ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকেও পুরো সোনার পদক দেওয়া হয়েছিল। কিন্তু এরপর আর সেই ধারা বজায় থাকেনি।
প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। ১৯২০ সালে গেমস ফিরলেও খাঁটি সোনার পদক আর ফেরেনি। পদকের মূল উপাদান হয়ে ওঠে রুপা, যার ওপর দেওয়া হয় সোনার প্রলেপ।
আকার বাড়লেও সোনা কমেছে
সময়ের সঙ্গে অলিম্পিকের পদকের আকার ও ওজন বেড়েছে। ১৯২৮ সালে পদকের ব্যাস ছিল ৫৫ মিলিমিটার। বর্তমানে তা ৮৫ মিলিমিটার। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সোনার পদকের ওজন ছিল ৫২৯ গ্রাম। কিন্তু ওজন বাড়লেও সোনার পরিমাণ বাড়েনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী, সোনার পদকে অন্তত ৬ গ্রাম সোনা থাকতে হবে। পুরো পদকটি তৈরি হয় মূলত রুপা দিয়ে—প্রায় ৯২ দশমিক ৫ শতাংশ। এরপর তার ওপর থাকে ৬ গ্রাম সোনার প্রলেপ। ২০২৬ সালের মিলান-কর্তিনা শীতকালীন অলিম্পিকের সোনার পদকের ওজন ছিল ৫০৬ গ্রাম। এর মধ্যে ৫০০ গ্রাম রুপা, আর ৬ গ্রাম সোনা।
ধাতুর বাজারমূল্য কত?
২০ নভেম্বর বাজার বন্ধের সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৫২৪ ডলারের কিছু বেশি। এক আউন্সে প্রায় ৩১ গ্রাম ধরে প্রতি গ্রাম সোনার দাম দাঁড়ায় প্রায় ১১৩ ডলার। সে হিসাবে ৬ গ্রাম সোনার মূল্য প্রায় ৬৮০ ডলার।
একই সময়ে প্রতি আউন্স রুপার দাম ছিল প্রায় ৪১ ডলার। সেই হিসাবে ৫০০ গ্রাম রুপার দাম দাঁড়ায় প্রায় ৬৫৯ ডলার। অর্থাৎ একটি সোনার পদকে সোনা ও রুপার বাজারমূল্য প্রায় কাছাকাছি। দুই ধাতু মিলিয়ে কাঁচামালের মূল্য আনুমানিক ১ হাজার ৩৪০ ডলার।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে একটি সোনার পদকের ধাতুমূল্য ছিল প্রায় ১ হাজার ২৭ ডলার বলে অক্সফোর্ড ইকোনমিকসের মূল্যায়নে উঠে এসেছিল। বর্তমান হিসাব অনুযায়ী, প্যারিসের তুলনায় পদকের ধাতুমূল্য প্রায় ৩০০ ডলার বেশি।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পদকের চূড়ান্ত নকশা ও উপাদান এখনো প্রকাশ করা হয়নি। তাই সেগুলোর ওজন কিংবা ধাতুর বাজারমূল্য কত হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি বিষয় নিশ্চিত—পদকের গায়ে সোনার পরিমাণ যতই কম থাকুক, একজন অলিম্পিক চ্যাম্পিয়নের কাছে তার মূল্য কেবল ধাতুর বাজারদর দিয়ে মাপা যায় না।