রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বার্সেলোনায় অন্যরকম এক গর্ডন, মাঠে ‘আরেক রাফিনিয়া’

বার্সেলোনায় অন্যরকম এক গর্ডন, মাঠে ‘আরেক রাফিনিয়া’

ফুটবলারের জীবন মানেই সামাজিক যোগাযোগমাধ্যমের আলো, দামি গাড়ি কিংবা দলবদলের বাজারে কোটি টাকার হিসাব—অ্যান্থনি গর্ডনের কাছে ছবিটা এমন নয়। ২৫ বছর বয়সী এই ইংলিশ উইঙ্গারের অবসরের সময় কাটে দাবার বোর্ডে, বইয়ের পাতায় কিংবা প্যাডেল টেনিসের কোর্টে। বক্সিংয়েও আগ্রহ আছে তাঁর। ফুটবলকে ঘিরে বাড়তে থাকা অর্থের ঝনঝনানির চেয়ে জীবনকে একটু অন্যভাবে দেখতে ভালোবাসেন তিনি। বার্সেলোনায় এসে তাই যেন খুঁজে পেয়েছেন নিজের ছন্দ।

সমুদ্রের কাছাকাছি কাস্তেলদেফেলসে থাকেন গর্ডন। বাড়িটির মালিক সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্ত্রা। গত গ্রীষ্ম পর্যন্ত সেখানে থাকতেন রবার্ট লেভানডভস্কি। নতুন শহরে মানিয়ে নেওয়ার প্রস্তুতি অবশ্য বার্সায় আসার আগেই শুরু করেছিলেন গর্ডন। চুক্তি সইয়ের আগ থেকে স্প্যানিশ ভাষা শেখা শুরু করেন। এখনো সেই চর্চা চলছে। কাতালান ভাষার প্রতিও তাঁর আগ্রহ রয়েছে।

নতুন সতীর্থদের সঙ্গে সম্পর্ক গড়তেও সময় লাগেনি। এরিক গার্সিয়া ও দানি ওলমোর সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারেন। পেদ্রির সঙ্গেও গড়ে উঠেছে বন্ধুত্ব। গর্ডনের নিজের কথায়, ভালো মানুষদের সঙ্গেই নিজেকে ঘিরে রেখেছেন।

বার্সেলোনাকে বেছে নেওয়ার গল্প

কাতালান ক্লাবে আসার সিদ্ধান্তটি সহজ ছিল না। তাঁকে পেতে আগ্রহী ছিল লিভারপুল ও চেলসি। আর্সেনালের কোচ মিকেল আরতেতার সঙ্গেও কথা হয়েছিল। বায়ার্ন মিউনিখের আগ্রহ ছিল, কথা হয়েছিল ভিনসেন্ট কোম্পানির সঙ্গেও। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো ও কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনা তাঁকে আকৃষ্ট করে।

বার্সেলোনায় তাঁর লক্ষ্যও বড়—শিরোপা জেতা এবং বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নেওয়া। দলবদলের বাজারে অর্থ খরচ করে বার্সেলোনায় যোগ দেওয়া দ্বিতীয় ইংলিশ ফুটবলার তিনি। এর আগে এই তালিকায় ছিলেন গ্যারি লিনেকার। পরে মার্কাস রাশফোর্ড অবশ্য ধারে খেলেছেন কাতালান ক্লাবটিতে।

কেন ‘আরেক রাফিনিয়া’?

মাঠে গর্ডনের অবদান কেবল গোল কিংবা অ্যাসিস্টে সীমাবদ্ধ নয়। গত সপ্তাহে বাকুতে চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে তাঁর গোল পাঁচটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি।

তবে ক্লাবের ভেতরে তাঁর সবচেয়ে বড় পরিচয় পরিশ্রমী ফুটবলার হিসেবে। গতি, শক্তি, নিরলস দৌড়, প্রতিপক্ষকে প্রেস করা—সব জায়গায়ই তাঁর উপস্থিতি। বল পায়ে না থাকলেও দলের জন্য কাজ করে যান। এ কারণেই তাঁকে বলা হয় ‘আরেক রাফিনিয়া’। ব্রাজিলিয়ান উইঙ্গারের মতোই বলের বাইরে তাঁর পরিশ্রম দলের আক্রমণ ও রক্ষণ—দুই জায়গায় প্রভাব ফেলে। গর্ডনের এই দৌড়ঝাঁপে লামিনে ইয়ামালও রক্ষণ সামলানোর বাড়তি চাপ থেকে কিছুটা মুক্তি পান।

বার্সেলোনার পাসনির্ভর ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়াটাও তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। ইংল্যান্ডে বক্স টু বক্স ফুটবলে অভ্যস্ত ছিলেন। এখানে শিখছেন জায়গা বুঝে খেলা, বলের দখল ধরে রাখা এবং সঠিক মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া। কখন ড্রিবল করবেন, কখন পাস দেবেন—সেই সিদ্ধান্তে আরও উন্নতি করতে চান তিনি। নিজের ভাষায়, ‘আমি এখনো শিখছি।’

দাবার বোর্ডে যেমন প্রতিটি চালের আগে ভাবতে হয়, মাঠেও গর্ডন এখন শিখছেন কখন কোন চালটি সবচেয়ে কার্যকর। বার্সেলোনায় তাঁর গল্পের শুরুটা তাই শুধু গোলের নয়, নিজেকে নতুনভাবে গড়ে তোলারও।

আরও

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ৭২০, এক ইনিংসেই রেকর্ডের স্তূপ

খেলাধুলা

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ৭২০, এক ইনিংসেই রেকর্ডের স্তূপ

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস লিখেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯ উইক...

২০২৬-১১-২২ ১২:০৭

স্পটকিকেও লড়াই সমানে সমান, এগিয়ে রোনালদো না মেসি?

খেলাধুলা

স্পটকিকেও লড়াই সমানে সমান, এগিয়ে রোনালদো না মেসি?

ফুটবলে গোলের হিসাব নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। কে বেশি গোল করেছেন, কে বেশি শির...

২০২৬-১১-২১ ১১:৩৪

মেসির ১০ নম্বরের অপেক্ষায় নিকো পাজ, কেন তাঁকে ঘিরে এত আশা

খেলাধুলা

মেসির ১০ নম্বরের অপেক্ষায় নিকো পাজ, কেন তাঁকে ঘিরে এত আশা

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, এটি এক ইতিহাসের নাম। কয়েক দশক ধরে জার্সিটি বহন করেছে ফুটবলের কিংবদন্তির...

২০২৬-১১-২০ ১১:৫২

ভারতের বিপক্ষে তিন সংস্করণেই শতক, ফিলিপসের বিরল কীর্তি

খেলাধুলা

ভারতের বিপক্ষে তিন সংস্করণেই শতক, ফিলিপসের বিরল কীর্তি

ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ কিংবা ক্ষিপ্রতায় গ্লেন ফিলিপসের পরিচিতি আগে থেকেই। এবার ব্যাট হাতেও ভারতের বিপক্ষে নিজের সামর্...

২০২৬-১১-২০ ১১:৪৯

কারাগারের দেয়ালের ওপারে বাবার স্বপ্ন, মাঠে নতুন পরিচয় গড়ছেন রবিনিও জুনিয়র

খেলাধুলা

কারাগারের দেয়ালের ওপারে বাবার স্বপ্ন, মাঠে নতুন পরিচয় গড়ছেন রবিনিও জুনিয়র

একজনের দিন কাটে কারাগারের চার দেয়ালে, অন্যজনের পৃথিবী এখন সবুজ মাঠ আর ফুটবলের আলোয়। একজনের নামের সঙ্গে জড়িয়ে আছে একসময়কা...

২০২৬-১১-১৮ ১১:২৪