রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

টানা ৫৭ দিনের গ্যাস সংকটের পর দেশে সরবরাহ আগের অবস্থায় ফেরার ইঙ্গিত দিয়েছে পেট্রোবাংলা। বর্তমানে দৈনিক প্রায় ২ হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটি বেড়ে কমবেশি ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কোনো কারণে তা সম্ভব না হলে মঙ্গলবার থেকে সরবরাহ বাড়ানোর বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

তবে পেট্রোবাংলা ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই আশাবাদের সঙ্গে বাস্তবতার পুরোপুরি মিল নেই। আমদানি করা গ্যাসের সরবরাহ বাড়লেও ২১ জুলাইয়ের পর্যায়ে মোট গ্যাস সরবরাহ ফিরিয়ে নেওয়ার পথ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এর অন্যতম কারণ, দেশে গ্যাসের চাহিদা বাড়লেও দেশীয় উৎস থেকে উৎপাদন প্রতিনিয়ত কমছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২১ জুলাই দেশীয় উৎস থেকে দৈনিক গ্যাস সরবরাহ ছিল ১ হাজার ৬৫৬ মিলিয়ন ঘনফুট। ১৩ সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুটে। মজুত কমে যাওয়ায় পুরোনো গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রতিদিনই উৎপাদন কমছে। ফলে আমদানি স্বাভাবিক হলেও দেশীয় উৎপাদনের ঘাটতি পূরণ করা কঠিন হয়ে পড়ছে।

গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সঙ্গে তুলনা করা হলেও পেট্রোবাংলার একজন পরিচালক জানিয়েছেন, ২০২৪ সালের ৭ আগস্ট দেশীয় উৎস থেকে দৈনিক গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ১০ মিলিয়ন ঘনফুট। দুই বছরের ব্যবধানে তা কমে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। অর্থাৎ এই সময়ে দেশীয় উৎসের সরবরাহ কমেছে প্রায় ৩৯০ মিলিয়ন ঘনফুট।

একসময় দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো। বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুটে। বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা। একসময় ক্ষেত্রটি থেকে দৈনিক প্রায় ১ হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও ১৩ সেপ্টেম্বর তা কমে ৭৩০ মিলিয়ন ঘনফুটে নেমেছে।

দেশের মোট গ্যাস সরবরাহে বিবিয়ানার অবদান এখনও প্রায় ৪৫ শতাংশ। পাশাপাশি দেশের কনডেনসেট সরবরাহের প্রায় ৬৮ শতাংশও আসে এই গ্যাসক্ষেত্র থেকে। মজুত কমে যাওয়ায় ক্ষেত্রটির উৎপাদন দ্রুত কমছে, যা ভবিষ্যৎ গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বাড়ছে চাহিদা, কমছে উৎপাদন

গ্যাসের চাহিদা যখন ক্রমেই বাড়ছে, তখন দেশীয় উৎপাদন কমে যাওয়ায় সংকট সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে। চাইলেও স্বল্প সময়ে আমদানি বাড়ানোর সুযোগ সীমিত। আমদানি সক্ষমতা বাড়াতে নতুন এলএনজি টার্মিনাল ও পাইপলাইন নির্মাণ প্রয়োজন, যা সময়সাপেক্ষ। ফলে ২০২৭ ও ২০২৮ সালে গ্যাস সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে আটটি গ্রাহক শ্রেণিতে অনুমোদিত গ্যাসের লোড রয়েছে দৈনিক ৫ হাজার ৩৫৬ মিলিয়ন ঘনফুট। তবে বাস্তব চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে শুধু বিদ্যুৎ উৎপাদন খাতেই দৈনিক প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন।

কিন্তু ১৩ সেপ্টেম্বর বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ করা হয়েছে মাত্র ৮৮১ মিলিয়ন ঘনফুট। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব পড়ছে সারাদেশের বিদ্যুৎ ব্যবস্থায়। ফলে বিভিন্ন এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বার্তা২৪.কমকে বলেন, “গ্যাস সরবরাহ বাড়লে বিদ্যুতের উৎপাদন বাড়বে। তাতে লোডশেডিং সামাল দেওয়া সহজ হবে। আমরা আশা করছি, ২০ সেপ্টেম্বর নাগাদ লোডশেডিং কমে আসবে।”

শিল্প ও সার উৎপাদনেও প্রভাব

গ্যাসের ঘোষিত প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট চাহিদার বাইরেও শিল্প খাতে রয়েছে বড় ধরনের চাপ। শুধু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় ৩৭৯টি শিল্পপ্রতিষ্ঠানের বিপরীতে প্রতিশ্রুত গ্যাস লোড রয়েছে ৩৮০ মিলিয়ন ঘনফুট। এসব শিল্পপ্রতিষ্ঠান গ্যাস সংযোগের জন্য বিপুল অর্থ জামানত হিসেবে জমা দিলেও পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে সার উৎপাদনেও। দৈনিক ৩২৯ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ দেওয়া হচ্ছে মাত্র ১৫০ মিলিয়ন ঘনফুট। ফলে কৃষি ও শিল্প উভয় খাতেই সংকটের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলএনজি আমদানিতেও অনিশ্চয়তা

দেশের গ্যাস খাত এখন একাধিক সংকটে জর্জরিত। একদিকে দেশীয় উৎপাদন কমছে, অন্যদিকে এলএনজি আমদানিতেও রয়েছে অনিশ্চয়তা। সংকটের মধ্যে দফায় দফায় দরপত্র আহ্বান করেও প্রয়োজনীয় এলএনজি সরবরাহের জন্য পর্যাপ্ত দরদাতা পাওয়া যাচ্ছে না। অক্টোবর মাসের জন্য নির্ধারিত ১০টি এলএনজি কার্গোর মধ্যে এখন পর্যন্ত ছয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে গত ২১ জুলাই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের পর দেশে গ্যাস সংকটের সূত্রপাত হয়। কয়েক সপ্তাহ পর টার্মিনালটি মেরামত করে চালু করা হলেও পরবর্তী সময়ে এলএনজি কার্গো সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বাংলাদেশ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এবং স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে। দেশের দুটি এফএসআরইউ থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি ব্যাহত হয়েছে। ফলে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে। সংকট মোকাবিলায় ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডের (ডিপিএম) আওতায় চার কার্গো এলএনজি আমদানির আদেশ দেওয়া হলেও সেগুলোর কোনোটিই এখন পর্যন্ত দেশে পৌঁছায়নি।

ভর্তুকির চাপও বাড়ছে

গ্যাস সংকটের পাশাপাশি এলএনজি আমদানির ব্যয় সামাল দেওয়াও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি অর্থবছর ২০২৬-২৭-এ জ্বালানি খাতে ভর্তুকির জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টেই প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

অর্থাৎ পুরো অর্থবছরের জন্য বরাদ্দ করা ভর্তুকির চেয়েও বেশি অর্থ ইতোমধ্যে দুই মাসে ব্যয় হয়েছে। সামনে আরও ১০ মাস বাকি থাকায় জ্বালানি খাতে ভর্তুকির চাপ কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সব মিলিয়ে স্বল্পমেয়াদে গ্যাস সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদে সংকট কাটার নিশ্চয়তা এখনও মিলছে না। দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, এলএনজি আমদানিতে অনিশ্চয়তা, সীমিত অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি এবং ক্রমবর্ধমান ভর্তুকির চাপ—সব মিলিয়ে বাংলাদেশের গ্যাস খাত সামনে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে পারে।

আরও

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অভিযোগের পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২০২৬-০৯-১৩ ২০:২৭

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

সারা দেশ

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন...

২০২৬-০৯-১৩ ২০:০৩

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

সারা দেশ

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

সিরাজগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে যৌন ব্যবসার অভিযোগে দুই নারীসহ ৬ জনকে আটক করেছে জেনজি আলোড়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগ...

২০২৬-০৯-১৩ ২০:০৩