এই প্রবণতার মধ্যেই নজর কেড়েছে কোলাজেন ফেস মাস্ক। কোলাজেন ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। তবে ঘরে তৈরি মাস্কে থাকা বিভিন্ন উপাদান মূলত ত্বকের ওপরের স্তরে আর্দ্রতা ধরে রাখতে এবং সাময়িকভাবে ত্বককে কোমল ও সতেজ দেখাতে সহায়তা করতে পারে।
ত্বককে কিছুটা আর্দ্র, কোমল ও সতেজ রাখতে তাই ফেস মাস্ক ব্যবহার করা যেতে পারে। তবে নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের ধরন ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনা করা জরুরি।
ত্বকের যত্নে কোলাজেন মাস্ক
জেলাটিন ও অ্যালোভেরা মাস্ক
জেলাটিন কোলাজেন থেকে তৈরি একটি প্রোটিনজাত উপাদান। ঘরে তৈরি মাস্কে এটি ব্যবহার করলে শুকিয়ে যাওয়ার পর পিল-অফ ধরনের অনুভূতি হতে পারে।
তৈরির জন্য ৩ টেবিল চামচ হালকা গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ ফ্লেভারহীন জেলাটিন পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে ২ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ মধু দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।
মিশ্রণটি খুব গরম না থাকলে চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে মুখে পাতলা করে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে খুব আলতোভাবে তুলে ফেলুন অথবা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। পিল-অফ করার সময় ত্বকে অতিরিক্ত টান দেওয়া যাবে না।
ডিমের সাদা অংশ ও লেবুর রস
ডিমের সাদা অংশে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড রয়েছে। অন্যদিকে লেবুতে ভিটামিন সি থাকে। তবে কাঁচা লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করলে জ্বালা বা সংবেদনশীলতা তৈরি হতে পারে।
এই মাস্ক তৈরি করতে একটি ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ নিন। এতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
তবে সংবেদনশীল ত্বক হলে এই মাস্ক এড়িয়ে চলাই ভালো। লেবুর রস ব্যবহারের পর রোদে গেলে ত্বকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এ ধরনের উপাদান ব্যবহারে সতর্ক থাকা জরুরি।
পাকা পেঁপে ও মধুর মাস্ক
পাকা পেঁপের শাঁস ভালোভাবে চটকে তার সঙ্গে মধু মিশিয়ে সহজেই একটি ফেস মাস্ক তৈরি করা যায়।
২ টেবিল চামচ পাকা পেঁপের শাঁসের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
কোলাজেন ফেস মাস্কের সম্ভাব্য উপকার
ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে
ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত ফেস মাস্ক শুষ্ক ত্বকের ওপরের স্তরে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করতে পারে। ব্যবহারের পর ত্বক তুলনামূলক কোমল অনুভূত হতে পারে।
ত্বককে সতেজ দেখায়
বিশেষ কোনো অনুষ্ঠান বা বাইরে যাওয়ার আগে ময়েশ্চারাইজিং ফেস মাস্ক ব্যবহার করলে ত্বক সাময়িকভাবে সতেজ ও উজ্জ্বল দেখাতে পারে।
ত্বক কোমল রাখতে সাহায্য করে
ফেস মাস্কে থাকা ময়েশ্চারাইজিং উপাদান ত্বকের ওপরের স্তর নরম রাখতে সহায়তা করতে পারে। বিশেষ করে শুষ্ক ত্বকে ব্যবহারের পর কোমল অনুভূতি পাওয়া যেতে পারে।
ব্যবহারের পর যা করবেন
মাস্ক ধুয়ে ফেলার পর ত্বকের প্রয়োজন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলা বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
নতুন কোনো মাস্ক ব্যবহারের পর ত্বকে জ্বালা, চুলকানি, লালচে ভাব বা অন্য কোনো অস্বস্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না। সমস্যা বাড়তে থাকলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হেলথশটস
-টিএস