২০১৭ সাল। হরিপুর উপজেলার পূর্ব তোররা গ্রামের তরুণ মোজাহেদুর ইসলাম এলাকার গাছ কাটার দৃশ্য দেখে ব্যথিত হন। ভাবলেন, শুধু আক্ষেপ করে লাভ নেই, কিছু একটা করতে হবে। বন্ধু মো. সাইদুজ্জামান, জুলফিকার আলী, সাহিনুর আক্তারসহ কয়েকজনকে নিয়ে শুরু করেন বৃক্ষরোপণ। সড়কের পাশে ও পতিত জমিতে লাগাতে থাকেন ফলদ ও বনজ গাছের চারা। তখন তাঁরা সবাই স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
কাজ করতে গিয়ে বুঝলেন, বিচ্ছিন্নভাবে গাছ লাগানোর চেয়ে সংগঠিত উদ্যোগ অনেক বেশি কার্যকর। সেই ভাবনা থেকেই ২০১৭ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’। প্রতিষ্ঠাতা সদস্য মোজাহেদুর এখন সংগঠনের সভাপতি। বর্তমানে তাঁদের স্বেচ্ছাসেবীর সংখ্যা ৭৫।
বইয়ের পাতায় নতুন স্বপ্ন
গাছ লাগানোর পাশাপাশি তরুণদের ভাবনায় জায়গা করে নেয় শিক্ষা। হরিপুরের সাতাহাজেরা গ্রামের একটি বাড়িতে শিশুদের জন্য শুরু করেন নৈশকালীন পাঠদান। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে কর্মসূচি।
সীমান্তবর্তী পিছিয়ে থাকা হরিপুরে একসময় গণপাঠাগার ছিল না। ২০২০ সালের ২৬ মার্চ তাঁরা গড়ে তোলার উদ্যোগ নেন ‘অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র’। প্রথমে অল্প কিছু বই নিয়ে ভ্রাম্যমাণ ভ্যানে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন স্বেচ্ছাসেবীরা। ওই বছরের নভেম্বরে বটতলি বাজার এলাকায় একটি ভাড়া করা ঘরে চালু হয় স্থায়ী পাঠাগার।
সেখানে এখন রয়েছে কয়েক হাজার বই, ল্যাপটপ, ইন্টারনেট এবং শিশুদের জন্য আলাদা কর্নার। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন পাঠক আসেন। শুধু পাঠাগারে বসে বই পড়ার সুযোগই নয়, স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি বইও পৌঁছে দেন। জাতীয় ও বিশেষ দিবসে আয়োজন করা হয় পাঠচক্র, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। বসে সাহিত্য সভা ও পুঁথিপাঠের আসরও।
হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান স্কুল শেষে নিয়মিত পাঠাগারে আসে। বই পড়ে, আবার বড় বোনের জন্যও বই নিয়ে যায়। এমন ছোট ছোট অভ্যাসের মধ্য দিয়েই হয়তো বদলে যাবে একটি জনপদের আগামী দিন।
সহায়তার হাত হয়ে উঠেছে জীবিকার অবলম্বন
অক্সিজেনের কাজ কেবল গাছ লাগানো কিংবা বই পড়ার সুযোগ তৈরিতে আটকে থাকেনি। অসচ্ছল মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতেও পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
২০২০ সাল থেকে এ পর্যন্ত দুজনকে মুদিদোকান তৈরিতে সহায়তা, পাঁচজনকে ব্যাটারিচালিত ভ্যান এবং প্রশিক্ষণসহ ১২ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১১৫টি পরিবার পেয়েছে হাঁস-মুরগি, ১০ জন পেয়েছেন গরু এবং ২৫ নারী পেয়েছেন ছাগল। ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে দেওয়া হয়েছে হুইলচেয়ার। ৪২টি পরিবারে স্থাপন করা হয়েছে নলকূপ।
কারও হাতে জীবিকার চাবি তুলে দেওয়া, কারও ঘরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা কিংবা কোনো নারীকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া—এসব উদ্যোগের মধ্য দিয়ে সংগঠনটি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে চাইছে।
সবুজের সঙ্গে পাখিদেরও ঠিকানা
পরিবেশ রক্ষায় তাঁদের উদ্যোগের নাম ‘মিশন লাল-সবুজ’। হরিপুর উপজেলা সদর, কালিয়াগঞ্জ, বীরগড় ও মালিগাঁওসহ বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে লাগানো হয়েছে চার হাজার কৃষ্ণচূড়া। এর মধ্যে প্রায় তিন হাজার গাছ এখনো টিকে আছে। পাশাপাশি লাগানো হয়েছে এক হাজার নিমগাছ এবং অর্জুন, বহেড়া, আমলকী, ছাতিম ও তেঁতুলের চারা। স্বেচ্ছাসেবীরা পালা করে সেসব গাছের পরিচর্যা করেন।
বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে সড়ক, ফসলের মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বপন করেছেন ১২ হাজার তালবীজ। আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তুলেছেন ভেষজ উদ্ভিদের বাগান। সেখানে রয়েছে নিম, তুলসী, বাসক, চিরতা, তোকমা, শতমূলী, সর্পগন্ধা, ঘৃতকুমারী ও শজনেসহ বিভিন্ন প্রজাতির গাছ। শিক্ষার্থীরা এসব উদ্ভিদ সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পাচ্ছে।
শুধু মানুষের জন্য নয়, পাখিদের জন্যও তাঁদের ভালোবাসা। গাছে গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে তৈরি করেছেন পাখিদের বাসা।
একসময় কয়েক তরুণের আড্ডা থেকে জন্ম নেওয়া উদ্যোগ আজ ৭৫ স্বেচ্ছাসেবীর সম্মিলিত প্রয়াস। তাঁদের হাতে কখনো গাছের চারা, কখনো বই, কখনো জীবিকার উপকরণ। সমাজ বদলের কাজ সব সময় বড় কোনো ঘোষণা দিয়ে শুরু হয় না। কখনো শুরু হয় কয়েকটি চারা রোপণের মধ্য দিয়ে। হরিপুরের এই তরুণেরা যেন সেই কথাটিই প্রমাণ করছেন—মানুষের পাশে দাঁড়াতে পারাটাও একধরনের অক্সিজেন।