ফুলগাজীর উত্তর বরৈয়া গ্রামের ভূঁইয়াবাড়ির জহির উদ্দিন ও জ্যোৎস্না আক্তারের তিন ছেলের মধ্যে তারেক বড়। স্নাতক পাস করেছেন ২০২৫ সালে।
২০১৮ সালে সংকটাপন্ন এক রোগীকে রক্তদানের মাধ্যমে তার মানবিক কার্যক্রমের হাতেখড়ি। এ পর্যন্ত রক্ত দিয়েছেন ২৫ বার। আরও দুই শতাধিক রোগীর জন্য জোগাড় করে দিয়েছেন রক্ত। কাজগুলো গুছিয়ে করার লক্ষ্যে ২০১৮ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘আলোকিত ব্লাড ডোনার ক্লাব’। বর্তমানে এর সদস্যসংখ্যা দুই শতাধিক।
তারেক জামিল (২৪) জানালেন, তারা ফুলগাজী সদর, আনন্দপুর ও জিএম হাট ইউনিয়ন এবং পরশুরাম উপজেলায় এ পর্যন্ত আট দফা ফ্রি সুন্নতে খতনা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এসব ক্যাম্পে সাত শতাধিক শিশুকে বিনামূল্যে খতনা করা হয়েছে। ফেনী, ঢাকা, চট্টগ্রামে কর্মরত ফেনীর চিকিৎসকরা এসে এসব ক্যাম্পে খতনা করান। এ ছাড়া বৃক্ষরোপণ, বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার, তাদের খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানামুখী কার্যক্রমে জড়িত তারেক।
চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক। বেতনের একটি অংশ এসব মানবিক কাজে ব্যয় করেন বলে জানিয়েছেন তিনি।
তারেক জামিলের বাবা জহির উদ্দিন বলেছেন, ছোটবেলা থেকেই তারেক নানা সামাজিক কার্যক্রমে জড়িত। একসময় সে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করত। এখন বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলছিলেন, ২০২৪-২৫ সালে ফুলগাজীতে বন্যার সময় ত্রাণতৎপরতা চালায় তারেক। আবার চলতি বছর চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও পার্বত্য এলাকায় সৃষ্ট বন্যায়ও ত্রাণ কার্যক্রম চালিয়েছে। তারেক আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে কয়েক বছর ধরে।
আলোকিত ব্লাড ডোনার ক্লাবের পৃষ্ঠপোষক ও ফুলগাজী বাজারের ব্যবসায়ী আবুল কালাম শামীমের ভাষ্য, তারেক জামিলের হাতে গড়া সংগঠন ‘আলোকিত ব্লাড ডোনার ক্লাব’ ফুলগাজীতে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে প্রশংসিত হয়েছে। ফুলগাজীর সাহাপাড়ার কৃষক আবদুর রহিম বললেন, ‘দুই বছর আগে এই সংগঠনের পক্ষ থেকে একটি বাছুর উপহার পেয়েছিলাম। গত দুই বছর এটিকে লালন-পালন করছি। আগামী ঈদুল আজহার আগে এটি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারব বলে আশা করি।’
উত্তর বরৈয়া এলাকার রমজান আলী বলছিলেন, ‘তারেকদের সুন্নতে খতনা ক্যাম্পে গত বছর আমার ছেলে মোবারক হোসেনের (৮) ফ্রি খতনা করাই। সেদিন সংগঠনের পক্ষ থেকে অন্যদের মতো মোবারককেও টুপি, গামছা এবং লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।’
ফুলগাজীর মুন্সীরহাট উপজেলার কামাল্লা দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আকবর হোসেন জানালেন, তারেক ও তার সহযোগীরা মাঝেমধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেন। অনেক সময় তারা নতুন পোশাক কিনে দেন। তারেক জামিল বললেন, ‘এসব মানবিক কার্যক্রম পরিচালনা করতে আমার অনেক ভালো লাগে। গত বছর বন্যায় উপজেলা প্রশাসন থেকে দেওয়া খাবার আমরা বন্যার্তদের মধ্যে বিলি করেছি। যতদিন সম্ভব এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।’