এটুআইয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের আবেদন করেছেন। বর্তমানে আবেদন জমা থেকে ঋণ অনুমোদন পর্যন্ত সময় লাগছে মাত্র তিন থেকে চার দিন।
এই সেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। তবে সবার জন্য ঋণের পরিমাণ এক নয়। বিদেশযাত্রায় সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত ব্যয় যাচাই করে ঋণের অঙ্ক নির্ধারণ করা হয়। পরীক্ষামূলক কার্যক্রম শেষে বর্তমানে প্রবাসীকল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় চালু রয়েছে এ সেবা।
আগে অভিবাসন ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একাধিকবার ব্যাংকে যেতে হতো আবেদনকারীদের। এতে সময় ও যাতায়াত খরচের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। ডিজিটাল পদ্ধতিতে এখন ঘরে বসেই আবেদন করা যাচ্ছে, জানা যাচ্ছে আবেদনের অগ্রগতিও। এতে ব্যাংকে যাতায়াত কমার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতাও কমেছে।
প্রবাসীকল্যাণ ব্যাংকের এক জরিপে বলা হয়েছে, অনলাইন সেবার কারণে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয়—প্রতিটি ক্ষেত্রেই ৫০ শতাংশ সাশ্রয় হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। আর আবেদনপ্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমেছে শতভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে, এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে মাইগভ। এই প্ল্যাটফর্মে নাগরিকেরা বিভিন্ন সরকারি সেবার আবেদন, ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং ডিজিটাল সনদসহ নানা সেবা নিতে পারেন।