দেবহাটা, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন জলাভূমি, পুকুর ও ডোবায় এখন পানিফলের চাষ। দূর থেকে দেখলে মনে হয়, পানির ওপর সবুজ পাতার চাদর বিছানো। সেই পাতার ফাঁকেই জন্ম নেয় ত্রিভুজাকৃতির ফল। শক্ত খোসার ভেতরে থাকে সাদা শাঁস। কাঁচা খেতে হালকা মিষ্টি, সঙ্গে কচকচে স্বাদ।
কৃষকেরা বলছেন, আমন ধানের তুলনায় পানিফল চাষে লাভের সম্ভাবনা বেশি। কলারোয়ার গোপীনাথপুরের কৃষক আমজাদ হোসেন দেড় বিঘা জমিতে পানিফল চাষ করেছেন। জমি প্রস্তুত, চারা, সার ও ওষুধসহ তাঁর খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। প্রতিদিন এক মণের বেশি ফল তুলছেন। পুরো মৌসুমে প্রায় ৭০ হাজার টাকার ফল বিক্রির আশা তাঁর।
একই এলাকার মুকুল সরদার ১০ বিঘা জমিতে পানিফল চাষ করেছেন। জলাবদ্ধতার কারণে অন্য ফসল ফলানো যায় না বলে তিনি এই চাষ বেছে নিয়েছেন। তাঁর হিসাবে, প্রতি বিঘায় প্রায় ১২ হাজার টাকা খরচ করে ২০ হাজার টাকার বেশি লাভের আশা করা যায়।
ফলের বাজারেও বাড়ছে চাহিদা। কৃষক নাজিরা খাতুন এখন প্রতি কেজি পানিফল বিক্রি করছেন ২৫ টাকায়। মৌসুমের শুরুতে দাম ছিল ৬০ টাকা। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ২০ টাকা কেজিতে কিনে ২৫ টাকায় বিক্রি করছেন। সাতক্ষীরা সদরের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, প্রতিদিন তাঁর বিক্রি ১০০ কেজির বেশি। ঢাকা ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলেও যাচ্ছে এই ফল।
এই কৃষির আরেকটি গুরুত্বপূর্ণ দিক নারী শ্রমিকদের কর্মসংস্থান। ফল সংগ্রহ, পরিষ্কার ও বাছাইয়ের কাজে যুক্ত হচ্ছেন গ্রামের নারীরা। দেবহাটার কুলিয়া ও সখিপুর এলাকার নারী শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় পানিফলের আবাদ দ্রুত বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে ১০৬ হেক্টর জমিতে চাষ হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে প্রায় ২৫০ হেক্টরে দাঁড়িয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সাতক্ষীরায় পানিফলের কেনাবেচা প্রায় ২৫ কোটি টাকায় পৌঁছাতে পারে।
জলাবদ্ধ জমিকে কৃষকেরা আর কেবল দুর্ভোগ হিসেবে দেখছেন না। সেই পানির বুকেই তাঁরা খুঁজে পেয়েছেন নতুন ফসল, নতুন আয় এবং গ্রামীণ অর্থনীতির সম্ভাবনা।