রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

পাহাড়ে গিটারের সুরে বদলের স্বপ্ন, বমরামের হাত ধরে নতুন পথ খুঁজছে তরুণেরা

পাহাড়ে গিটারের সুরে বদলের স্বপ্ন, বমরামের হাত ধরে নতুন পথ খুঁজছে তরুণেরা

বান্দরবানের পাহাড়ে গিটার শেখার জন্য ভালো শিক্ষক নেই, নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধাও। একসময় ভালো গিটার কেনার সামর্থ্যও ছিল না তাঁর। তবু সুরের প্রতি ভালোবাসা থামাতে পারেনি বমরাম তিয়াম আমলাইকে। ভাঙা একটি গিটার, বড় ভাইদের কাছ থেকে শেখা আর পরে ইন্টারনেটের ভিডিও—এসবই ছিল তাঁর শিক্ষক। সেই শেখার পথ পেরিয়ে এখন তিনি নিজেই পাহাড়ের তরুণদের হাতে তুলে দিচ্ছেন গিটার। তাঁর উদ্যোগের নাম ‘বেসিক গিটার লার্নিং স্কুল’।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেংছড়ি মুনথার পাড়ায় জন্ম বমরামের। ছোটবেলা থেকেই গানবাজনার প্রতি টান ছিল তাঁর। বিশেষ পছন্দ ছিল ঢোল। কিন্তু পরিবারের আর্থিক সীমাবদ্ধতায় বাবার পক্ষে ঢোল কিনে দেওয়া সম্ভব হয়নি। স্কুলে পড়ার সময় গিটারের কয়েকটি কর্ড বাজাতে শিখেছিলেন, যদিও সেগুলোর নাম জানতেন না। পরে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বিভিন্ন অনুষ্ঠানে অন্য শিল্পীদের সঙ্গে গিটার বাজানোর সুযোগ পান।

২০০৫ সালে সাংস্কৃতিক ইনস্টিটিউটের তৎকালীন কালচারাল অফিসার চথুই প্রু তাঁকে বেজ গিটার বাজানোর দায়িত্ব দেন। পরের বছর থেকে শুরু হয় ওপেন স্টেজে পারফরম্যান্স। ছোট-বড় নানা অনুষ্ঠানে বাজাতে গিয়ে প্রথম দিকে ভয় ও জড়তা কাজ করত। দর্শকের সামনে দাঁড়ালে পা কাঁপত, কখনো কর্ডও ভুলে যেতেন। পাশে থাকা বড় ভাইয়েরা তখন গানের কর্ড ও প্যাটার্ন মনে করিয়ে দিতেন।

শেখার পথটাও সহজ ছিল না। ২০০৮ সালে একজনের কাছ থেকে পুরোনো, ভাঙা একটি গিটার কিনেছিলেন। ভালো মোবাইল ছিল না, ইন্টারনেটের গতিও ছিল ধীর। বান্দরবানে ভালো শিক্ষক না থাকায় বড় ভাইদের কাছ থেকে শেখার পাশাপাশি ইউটিউব ও ফেসবুকের টিউটোরিয়াল দেখে নিজেকে তৈরি করেছেন। সুযোগ-সুবিধার অভাবকে অজুহাত না করে ধীরে ধীরে এগিয়েছেন।

নিজের শেখার অভিজ্ঞতা থেকেই একসময় অন্যদের শেখানোর ভাবনা আসে। ২০১৭ সালে ব্যক্তিগতভাবে গিটার শেখানো শুরু করেন। পরের বছর প্রতিষ্ঠা করেন ‘বেসিক গিটার লার্নিং স্কুল’। শুরুতে ছিল নানা সংকট—ভালো গিটার নেই, শেখানোর উপযুক্ত কক্ষ নেই, আর্থিক সামর্থ্যও সীমিত। গিটার মেরামতের জন্য ঢাকায় পাঠাতে হতো, ফিরতে সময় লাগত অনেক।

তবু বমরামের লক্ষ্য শুধু গিটার শেখানো নয়। পাহাড়ের শিশু-কিশোরদের মোবাইল গেমের আসক্তি ও মাদক থেকে দূরে রেখে সৃজনশীল কাজে যুক্ত করতে চান তিনি। তাঁর বিশ্বাস, সংগীতচর্চা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

নিজের বম জাতিগোষ্ঠীর পরিচয়ও সংগীতের সঙ্গে তুলে ধরেন বমরাম। বিশেষ অনুষ্ঠানগুলোতে নিজের জাতিগোষ্ঠীর পোশাক পরেন, গান করেন। তাঁর শিক্ষার্থীদেরও নিজ নিজ জাতিগোষ্ঠীর পোশাক পরে মঞ্চে ওঠার উৎসাহ দেন।

ইন্টারনেট একসময় ছিল তাঁর শেখার জানালা। এখন সেই মাধ্যমই শিক্ষার্থীদের শেখার কাজে লাগছে। ইউটিউব-ফেসবুকের টিউটোরিয়াল দেখে নিজে নতুন বিষয় শেখেন, আবার তা শিক্ষার্থীদের শেখান। পাহাড়ের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে বমরামের এই উদ্যোগ যেন সুরের মাধ্যমে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখানোর এক প্রচেষ্টা।

আরও

মানবিকতার অনন্য নজির গড়ল রেনাটা ফার্মা

গুড নিউজ

২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার মানবিকতার অনন্য নজির গড়ল রেনাটা ফার্মা

প্রতিদিনের মতো সেদিনও ঘর ছেড়ে বেরিয়েছিলেন মো. আসাদুজ্জামান। কাঁধে ছিল কাজের দায়িত্ব, মনে হয়তো ছিল দিন শেষে প্রিয়জনদের কা...

২০২৬-১১-১২ ১৯:০৬

পথচারীদের জন্য ১১ যাত্রীছাউনি বানালেন দিনমজুর বাবুল

গুড নিউজ

পথচারীদের জন্য ১১ যাত্রীছাউনি বানালেন দিনমজুর বাবুল

দিনমজুরি করে চলে সংসার। বয়স ৫৫ বছর। নাম মো. বাবুল শেখ। অন্যের জমিতে কৃষিকাজ করে যা আয় করেন, তা দিয়েই চলে পরিবারের খরচ। স...

২০২৬-১১-০৭ ১৮:৩৫