অনয়া বাঙ্গার ভারতের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। চলতি বছরের শুরুতে থাইল্যান্ডে জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি করানোর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর অস্ট্রেলিয়ায় একটি ক্লাব খুঁজে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনয়া।
ক্যাপের সরাসরি আপত্তি
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন মারিয়ান ক্যাপ। একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লেখেন, ‘Absolutely ridiculous, this should NOT be allowed!’ পাশাপাশি নারী ক্রিকেটের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট উইমেন্স বিগ ব্যাশ লিগের অফিসিয়াল অ্যাকাউন্টকেও ট্যাগ করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা।
ছেলে থেকে হলেন মেয়ে, অনয়া পাচ্ছেন ক্রিকেটে ফেরার সুযোগ
ক্যাপের আপত্তির মূল বিষয় হলো, অনয়া শুধু কমিউনিটি ক্রিকেটেই খেলতে পারবেন না, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার এলিট নারী ক্রিকেটেও খেলার সুযোগ তৈরি হচ্ছে।
২০২৭ সাল পর্যন্ত কমিউনিটি ক্রিকেটে খেলতে পারবেন
অনয়ার যোগ্যতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেন সংস্থাটির হেড অব ইন্টিগ্রিটি জ্যাকুই পার্ট্রিজ। সেখানে বলা হয়েছে, ২০২৭ সালের মার্চ পর্যন্ত আনায়া অস্ট্রেলিয়ার যে কোনো স্টেট বা টেরিটরিতে প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী প্রিমিয়ার ক্রিকেটকে এলিট ক্রিকেট নয়, কমিউনিটি ক্রিকেট হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ, এই পর্যায়ে তার অংশগ্রহণে এলিট ক্রিকেটের যোগ্যতার নিয়ম প্রযোজ্য হচ্ছে না।
তবে ২০২৭ সালের মার্চ থেকে এলিট ক্রিকেটে খেলার যোগ্যতা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে আনায়াকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর তাকে রক্ত পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় তার সিরাম টেস্টোস্টেরনের মাত্রা ১০ nmol/L-এর নিচে থাকতে হবে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রযোজ্য নীতিমালার অন্যান্য যোগ্যতার শর্তও তাকে পূরণ করতে হবে।
ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে স্বস্তি অনয়ার
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তি প্রকাশ করেছেন আনায়া। মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, একটা সময় তার মনে হয়েছিল হয়তো আর কখনো ক্রিকেট খেলতে পারবেন না। অনয়ার ভাষায়, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত তার জন্য নতুন করে ক্রিকেটে ফেরার দরজা খুলে দিয়েছে।
তিনি বলেন, ‘এটা আমার জন্য দারুণ একটি দিন। আমি ক্রিকেট খেলতে পারব- এটা জানার পর খুব ভালো লাগছে। একটা সময় মনে হয়েছিল, হয়তো আর কখনো ক্রিকেট খেলতে পারব না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে আরেকটি সুযোগ দিয়েছে।’ অস্ট্রেলিয়ায় খেলার জন্য ইতিমধ্যে একটি ক্লাব খোঁজার প্রক্রিয়াও শুরু করেছেন তিনি।